আফরোজা বিনতে নুর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামের কাতারপ্রবাসী আব্দুল নুরের বড় মেয়ে। পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে কাতারে বসবাস করছেন তিনি।
২০২৬ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ফার্মেসি থেকে স্নাতক সম্পন্ন করেন আফরোজা। এর স্বীকৃতিস্বরূপ গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজটির ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আব্দেল আলী এগুনির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বর্ণপদক ও সনদ গ্রহণ করেন তিনি।
আফরোজার বাবা আব্দুল নুর জানান, উচ্চশিক্ষা অব্যাহত রেখে তাঁর মেয়ে একই বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ফার্মেসি (ফার্মডি) প্রোগ্রামে ভর্তি হওয়ার পরিকল্পনা করছেন। এ প্রোগ্রামে অধ্যয়নের মাধ্যমে ফার্মেসি বিষয়ে আরও উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান আফরোজা।
আফরোজার এ সাফল্যে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।