সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রবাস নিউজ

মরুর বুকে বাংলা সংস্কৃতির জয়গান: রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ‘মলুয়া সুন্দরী’ মঞ্চায়ন

ডেস্ক রিপোর্ট • ১৯ ঘণ্টা আগে • পঠিত: ১০৪ বার
মরুর বুকে বাংলা সংস্কৃতির জয়গান: রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ‘মলুয়া সুন্দরী’ মঞ্চায়ন



এক যুগ পূর্তিতে ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য মিলনমেলা

রিয়াদ প্রতিনিধি:
“আমার পাগলা ঘোড়ারে, কই মানুষ কই লইয়া যাও”—মৈমনসিংহ গীতিকার কালজয়ী লোকসুরের এই আবেগময় আহ্বানে মুখর হয়ে উঠেছিল সৌদি আরবের রাজধানী রিয়াদের মরুচাতাল। ১৩ নভেম্বর শুক্রবারের সন্ধ্যাটি যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলায়। প্রবাসের মরুর বুকে বাংলা সংস্কৃতির কোকিলের কুহুতানে মুগ্ধ হয়েছিলেন উপস্থিত দর্শকরা।

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের এক যুগ পূর্তি উপলক্ষে মঞ্চস্থ হয় বাংলার লোকঐতিহ্যের অনন্য সৃষ্টি ‘মলুয়া সুন্দরী’ নাটক। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে রচিত এই নাটক বাংলা সাহিত্য ও লোকসংস্কৃতির এক অমূল্য সম্পদ। মলুয়া পালা মূলত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের, বিশেষ করে বর্তমান কিশোরগঞ্জ ও নেত্রকোণার হাওর-বিল-নদীবেষ্টিত জনপদের লোককাহিনি ও ট্র্যাজিক প্রেমের উপাখ্যান। বহুল পরিচিত ও জনপ্রিয় এই পালাটি মঞ্চায়নের মধ্য দিয়ে রিয়াদ বাংলাদেশ থিয়েটার তাদের শিকড়, ঐতিহ্য ও অতীতের প্রতি গভীর দায়বদ্ধতার পরিচয় দিয়েছে।

অনুষ্ঠানস্থল ছিল দর্শকে পরিপূর্ণ। রজনীগন্ধার মতো সৌরভ ছড়াচ্ছিলেন উপস্থিত অতিথি ও দর্শকরা। অনেকেই এসেছিলেন সপরিবারে। বাইরে হালকা শীতের আমেজ থাকলেও অনুষ্ঠানস্থলে হৃদয়ের উষ্ণতায় সৃষ্টি হয়েছিল আনন্দের এক অনন্য পরিবেশ।

দেড় ঘণ্টারও বেশি সময় ধরে দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন নাটকটি। পুরো সময়জুড়ে ছিল পিনপতন নীরবতা। অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয়, সংলাপ প্রক্ষেপণের দক্ষতা, যথাযথ শারীরিক অভিব্যক্তি ও চরিত্রের সঙ্গে মানানসই বডি ল্যাঙ্গুয়েজ নাটকটিকে প্রাণবন্ত করে তোলে। আলোকসম্পাত ও সংগীতের আবহও ছিল প্রশংসনীয়। সব মিলিয়ে মঞ্চায়নটি দর্শকদের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মির্জা কামাল, আরিফুর রহমান টিপু, মসিহ সিরাজ পলাশ, ঐশী, স্বরনা, জামাল, সালাউদ্দিন, হৃদয় জাহাঙ্গীর, আকরামসহ আরও অনেকে।

‘মলুয়া সুন্দরী’ শুধু একটি নাট্যপ্রযোজনা নয়; এটি ছিল বাঙালির শেকড়, ঐতিহ্য, আবেগ ও সম্প্রীতির এক জীবন্ত প্রতিচ্ছবি। রাজনৈতিক মত, দল ও আদর্শের ভিন্নতা ভুলে বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিদের এক ছাউনির নিচে মিলিত হওয়ার এই দৃশ্য প্রমাণ করেছে, সংস্কৃতি মানুষকে ঐক্যবদ্ধ করার এক শক্তিশালী মাধ্যম।

নাটক মঞ্চায়ন ও সংগঠনের এক যুগ পূর্তি উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয় একটি দৃষ্টিনন্দন প্রকাশনা। প্রকাশনাটির নান্দনিক গেটআপ ও মেকআপ ছিল চোখে পড়ার মতো। নাটক শেষে উপস্থিত সম্মানিত অতিথিদের মধ্য থেকে কয়েকজন মঞ্চে এসে তাঁদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি এক যুগ পূর্তির আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় কেক কাটার পর্ব।

মরুর বুকে বাংলা নাটকের এই আয়োজন নিঃসন্দেহে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক অঙ্গনে একটি স্মরণীয় সংযোজন। রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ‘মলুয়া সুন্দরী’ মঞ্চায়ন হয়ে থাকবে বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা, ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা এবং প্রবাসে বাংলাদেশিদের মিলন ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

দেশ আমাদের, মাটি আমাদের—আমরা সবাই জননী বাংলাদেশের সন্তান। এই পরিচয়েই অটুট থাকুক আমাদের ঐক্য, বহমান থাকুক বাংলা সংস্কৃতির জয়যাত্রা।

সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp