সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সিলেটের খবর

কোম্পানীগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

ডেস্ক রিপোর্ট • ৯ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
কোম্পানীগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, যুবক নিহত
সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে আরও একজন আহত হয়েছেন। হামলার অভিযোগে জুয়েল আহমদ (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপরিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন সোমবার ভোর ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেনের মৃত্যু হয়।

নিহত আক্তার হোসেন দুপরিরপাড় গ্রামের কালা মিয়ার ছেলে। আটক জুয়েল আহমদ একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

মাছ ধরা নিয়ে বিরোধ, হামলার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে কালা মিয়ার ছেলে আক্তার হোসেন ও জাহাঙ্গীর হোসেন একটি পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় প্রতিবেশী মৃত আব্দুল হালিমের সন্তান ও স্বজনেরা তাঁদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

অভিযোগ অনুযায়ী, পরে বাড়ি ফেরার পথে প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আক্তার ও জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। এতে দুজনই আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় আক্তারকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত জাহাঙ্গীরও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একজন আটক, অভিযান অব্যাহত

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িত অন্যদের আটক করতে পুলিশের অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp