জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় অন্য তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
মামলার অন্য তিন দণ্ডিত ব্যক্তি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
অনুপস্থিতিতেই রায় ঘোষণা
মামলার চার আসামিই বর্তমানে পলাতক। তাঁদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা করে রায় ঘোষণা করা হয়েছে। আসামিদের পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলাটি করা হয়। বিচার শেষে ট্রাইব্যুনাল হানিফকে মৃত্যুদণ্ড এবং বাকি তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেন।