মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠন, কাজে ফেরার আহ্বান

ডেস্ক রিপোর্ট • ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ সকাল • পঠিত: ২০ বার
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠন, কাজে ফেরার আহ্বান
পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের রাজপথ ছেড়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শ্রমমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। রোববার থেকেই বোর্ডের কার্যক্রম শুরু হচ্ছে।

তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

মজুরি নির্ধারণে আলোচনা

এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন—বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী।

বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে কাজ করা হবে।

মন্ত্রী বলেন, শ্রমিকদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে সরকারের করণীয় রয়েছে। শিল্পকারখানা সচল ও সুরক্ষিত রাখার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবিও বিবেচনায় নিতে হবে।

৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ

গত কয়েক দিন ধরে মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরের ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা।

মজুরি বোর্ড গঠনের মধ্য দিয়ে শ্রমিকদের নতুন বেতন নির্ধারণের প্রক্রিয়া শুরু হলো। এখন বোর্ডের আলোচনা ও পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর থাকবে শ্রমিক ও শিল্পসংশ্লিষ্টদের।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp