মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

স্থানীয় নির্বাচনে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ইসলামী আন্দোলনের, নজর তিন অঞ্চলে

ডেস্ক রিপোর্ট • ১২ ঘণ্টা আগে • পঠিত: ৪ বার
স্থানীয় নির্বাচনে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ইসলামী আন্দোলনের, নজর তিন অঞ্চলে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়িয়ে ঘুরে দাঁড়াতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ লক্ষ্যে দেশের তিনটি অঞ্চলে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে দলটি। বরিশাল, খুলনা ও উত্তরাঞ্চলের পাশাপাশি লক্ষ্মীপুরেও ভালো ফলের প্রত্যাশা করছেন নেতারা।

দলটির নেতারা জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সব সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীরা সভা-সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচার শুরু করেছেন।

যে অঞ্চলগুলোতে বিশেষ নজর

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ এশিয়া পোস্টকে বলেন, দলীয় অবস্থান শক্তিশালী করার পাশাপাশি ভোটের সংখ্যা বাড়ানো তাদের লক্ষ্য। বরিশাল অঞ্চল, খুলনা বিভাগ, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি এলাকা এবং লক্ষ্মীপুরে ভালো করার প্রত্যাশা রয়েছে।

দলীয় সূত্র জানায়, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে গত জুনে দেশের সব জেলায় দলীয় কমিটি নবায়ন করা হয়েছে। যেসব সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে প্রার্থী চূড়ান্ত হয়নি, সেসব জায়গায় বাছাই প্রক্রিয়া চলছে।

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে শেখ ফজলুল করীম মারুফ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমানকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। তাঁরা নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম, ওয়ার্ড কমিটি পুনর্গঠন ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন।

তবে দুই সিটিতে কাউন্সিলর প্রার্থীদের নাম এখনো ঘোষণা করা হয়নি। দলীয় আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আগামী ডিসেম্বরে এ বিষয়ে ঘোষণা দিতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সব ইউনিয়নে প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে দলটির। পটুয়াখালী ও বরগুনার সব ইউনিয়নে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সদস্য পদে সব জায়গায় প্রার্থী না দিলেও সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। উপজেলা নির্বাচনেও অংশ নেবে দলটি।

আওয়ামী লীগ সমর্থকদের ভোট টানার চেষ্টা

নিষিদ্ধ আওয়ামী লীগের অপরাধে জড়িত নেতাকর্মীদের বিচারের দাবি অব্যাহত রাখলেও দলটির নিরপরাধ কর্মী-সমর্থকদের ভোট পেতে আগ্রহী ইসলামী আন্দোলন। শেখ ফজলুল করীম মারুফ বলেন, আওয়ামী লীগের অপরাধী নেতাকর্মীদের বিচার নিশ্চিত করতে হবে। তবে নাগরিক হিসেবে অন্যদের ভোটাধিকার ও স্বাভাবিক জীবনযাপনের বিষয়টি ভিন্ন।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ইসলামী আন্দোলনের নেতারা। তাঁদের মতে, প্রতীক না থাকায় প্রার্থীদের ব্যক্তিগত পরিচিতি ও গ্রহণযোগ্যতা ভোটারদের কাছে তুলে ধরতে হবে। তবে এতে জাতীয় পর্যায়ের সরকারবিরোধী নির্বাচনী মেরুকরণের বাইরে থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগও রয়েছে।

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সামাজিক গ্রহণযোগ্যতা, দুর্নীতি ও অপরাধমুক্ত ভাবমূর্তি এবং পারিবারিক ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা। যেখানে নিজস্ব প্রার্থী থাকবে না, সেখানে আলোচনা করে তুলনামূলক গ্রহণযোগ্য অন্য প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তবে এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোটের আলোচনা হয়নি।

১৯৯১ সালে ‘ইসলামী শাসনতন্ত্র আন্দোলন’ নামে রাজনৈতিক যাত্রা শুরু করে দলটি। পরে নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাখা হয়। ২০০৮ সালের ২০ নভেম্বর নির্বাচন কমিশনে নিবন্ধন পায় দলটি।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp