গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও থানায় জব্দ করে রাখা যানবাহনসহ মোট ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে থানার ভেতরে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকে থানা ভবনে কোনো পুলিশ সদস্য অবস্থান করছিলেন না। এই সুযোগে বৃহস্পতিবার সকালে লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি থানায় প্রবেশ করেন। তাঁদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে দাবি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হামলাকারীরা প্রথমে থানা ভবনের বিভিন্ন অংশে ভাঙচুর চালান। পরে ভবনটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় থানায় রাখা পুলিশের সরকারি গাড়ি এবং বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনেও আগুন দেওয়া হয়।
লকডাউন কর্মসূচি ঘিরে উত্তেজনা
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।