সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল’কলেজ) এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে আগুন দেওয়ার ঘটনাকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে ল’কলেজের সামনে পার্ক করে রাখা বাসগুলোতে আগুন দেওয়া হয়। বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত।
স্থানীয় বাসিন্দারা বাসগুলোতে আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে সন্দেহ করছে পুলিশ।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।