সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাত্রলীগ নেতা মো. নাঈম আহমদ (২৫) ও শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম ফেনু (৬২)।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরের জিন্দাবাজার পয়েন্ট থেকে নাঈম আহমদকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কাজলশাহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রফিকুল ইসলাম ফেনুকে।
পুলিশ জানায়, নাঈম আহমদ শাহপরান (রহ.) থানার বাহুবল এলাকার আসক আলীর ছেলে। অন্যদিকে রফিকুল ইসলাম ফেনু নগরের বাগবাড়ি এলাকার তকদির পয়েন্টের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত হাজী একরাম উল্লাহ।
শ্রমিক লীগ নেতা ফেনুর বিরুদ্ধে অর্থ জোগানের অভিযোগ
পুলিশের ভাষ্য অনুযায়ী, রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে সংগঠনের কর্মীদের অর্থের জোগান দেওয়া এবং তাঁদের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রে তাঁদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।