বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রবাস নিউজ সড়ক দুর্ঘটনা

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসফেরত দুই ভাইয়ের

ডেস্ক রিপোর্ট • ৯ ঘণ্টা আগে • পঠিত: ২৮ বার
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসফেরত দুই ভাইয়ের
 চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের এক আরোহী আহত হয়েছেন।

নিহত দুই ভাই হলেন ইফতেখার মাহমুদ তুষার ও ইমতিয়াজ মাহমুদ ইরাত। তাঁরা ফরহাদাবাদ ইউনিয়নের বাসিন্দা। বড় ভাই তুষার ওমানে এবং ছোট ভাই ইরাত সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাইয়ের বয়সের ব্যবধান ছিল মাত্র চার বছর। ছোটবেলা থেকেই তাঁরা বন্ধুর মতো একসঙ্গে বেড়ে উঠেছেন। কয়েক মাস আগে তাঁরা দুজনই প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।

বৃহস্পতিবার দুপুরে দুই ভাই একই মোটরসাইকেলে করে ফরহাদাবাদের নিজ বাড়ি থেকে হাটহাজারীর উদ্দেশে রওনা হন। পথে চারিয়া মুছার দোকান এলাকায় নাজিরহাটমুখী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

এ ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী ফাহিম নামে হাটহাজারীর এক বাসিন্দা আহত হয়েছেন।

একই পরিবারের দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp