নিহত সৈয়দ জামান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার তমিজ উদ্দিন বকসির ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় ওমানে পাড়ি জমান সৈয়দ জামান। দীর্ঘ এক দশক প্রবাসে কাটিয়েও পরিবারের অভাব\-অনটন পুরোপুরি দূর করতে পারেননি তিনি। দেশে তাঁর পরিবার এখনো জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছে।
পরিবারের সদস্যদের ধারণা, প্রবাসে কর্মব্যস্ততার পাশাপাশি পরিবারের আর্থিক দুরবস্থার চিন্তা তাঁকে মানসিক চাপে রেখেছিল। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
এদিকে সৈয়দ জামানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার। প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখতে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন স্বজনেরা।