মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সিলেটের খবর বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের অভিযান

সিলেটে বাসে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের চার নেতা আটক

নিজস্ব প্রতিনিধি • ১২ ঘণ্টা আগে • পঠিত: ৪ বার
সিলেটে বাসে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের চার নেতা আটক
সিলেটে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাঁদের শনাক্ত করার পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট থানার নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল-মাসুদ (২৫), মহানগর ছাত্রলীগের উপসম্পাদক (উদ্যোক্তা ও উদ্ভাবনবিষয়ক) আব্দুল কাদির বাপ্পি (২২), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সৈয়দ শাকীব (২৫) এবং মো. জাহেদ (২৩)।

পুলিশ জানায়, সৈয়দ আব্দুল্লাহ আল-মাসুদ এয়ারপোর্ট থানার লালবাগ বাছাটিলা গ্রামের সৈয়দ মকসুদ হোসেনের ছেলে। আব্দুল কাদির বাপ্পি একই থানার ধোপাগুল গ্রামের মফিজ মিয়ার ছেলে। সৈয়দ শাকীব বড়শলা গ্রামের সৈয়দ মাহবুবুর রহমান ও কুলসুমা বেগমের ছেলে। অন্যদিকে জাহেদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার গ্রামে। তাঁর বাবার নাম মৃত ছানা মিয়া। বর্তমানে তিনি সিলেট নগরীর খাসদবীর এলাকায় বসবাস করেন।

দুটি বাসের টায়ারে আগুন

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর রাত ৩টা ১০ মিনিটের দিকে এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়ন পরিষদের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে চলাচলকারী সাদাপাথর এক্সপ্রেসের দুটি বাসের পেছনের টায়ারে আগুন দেওয়া হয়। এ সময় আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ।

নাশকতার পরিকল্পনার অভিযোগ

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নিজেদের ব্যবহৃত মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন গ্রুপে যুক্ত ছিলেন। এসব গ্রুপ ব্যবহার করে সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp

সম্পর্কিত খবর

ট্যাগ: সিলেটে বাসে আগুন, ছাত্রলীগের চার নেতা আটক, সাদাপাথর এক্সপ্রেস