সিলেটে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের হিসাব থেকে প্রায় ৩৫ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগের বিষয়ে নিজেদের তদন্তের তথ্য তুলে ধরেছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের প্রাথমিক অনুসন্ধানে গ্রাহকের স্মার্টফোন ব্যবহার, বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ, একাধিক ফিঙ্গারপ্রিন্ট এবং ধারাবাহিক ৩৯টি লেনদেনের তথ্য উঠে এসেছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সোনালী ব্যাংকের সিলেট কোর্ট বিল্ডিং শাখা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হিমাংশু আচার্য।
তিনি বলেন, সোনালী ব্যাংক পিএলসির সিলেট মহানগরীর কোর্ট বিল্ডিং শাখার গ্রাহক দিলীপ কুমার দাশ চৌধুরীর হিসাব থেকে প্রায় ৩৫ লাখ টাকা স্থানান্তরের ঘটনায় গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিস্তারিত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
হিমাংশু আচার্য জানান, অর্থ স্থানান্তরের বিষয়টি প্রযুক্তিগতভাবে জটিল হওয়ায় প্রাথমিক পর্যায়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হয়নি। তবে অভিযোগ পাওয়ার পরপরই প্রধান কার্যালয়ের সহযোগিতায় সংশ্লিষ্ট বেনিফিশিয়ারি হিসাবগুলোতে স্টপ পেমেন্ট ও ডেবিট ফ্রিজ করা হয়, যাতে ওই অর্থ উত্তোলন বা অন্যত্র স্থানান্তর করা না যায়।
শাখা, প্রিন্সিপাল অফিস, জিএম অফিস ও প্রধান কার্যালয়ের সমন্বিত তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।
গ্রাহকের স্মার্টফোন ও বিকাশ অ্যাকাউন্ট নিয়ে যা বলছে ব্যাংক
ব্যাংক কর্মকর্তা জানান, গ্রাহক দিলীপ কুমার দাবি করেছেন, তিনি বাটন ফোন ব্যবহার করেন। তবে ব্যাংকের তদন্তে তাঁর অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারের তথ্য পাওয়া গেছে। তাঁর ঘনিষ্ঠজনদের কাছ থেকেও এ বিষয়ে নিশ্চিত হওয়ার তথ্য পেয়েছে ব্যাংক। এমনকি তদন্ত চলাকালেও তাঁকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে দেখা গেছে এবং ফোনটিতে বিভিন্ন অ্যাপের উপস্থিতি পাওয়া গেছে।
তিনি আরও জানান, একই সিম নম্বর ব্যবহার করে দিলীপ কুমার একটি বিকাশ অ্যাকাউন্ট পরিচালনা করেন। গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে অপরিচিত একটি নম্বর থেকে যোগাযোগ করে তাঁর কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের পর বিকাশ অ্যাকাউন্টটি হ্যাক করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে প্রতারক চক্র প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় ২৬০ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়নি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন হিমাংশু আচার্য।
ফোনে দুটি ফিঙ্গারপ্রিন্টের তথ্য
ব্যাংকের ডিজিটাল অনুসন্ধানে গ্রাহকের ব্যবহৃত স্মার্টফোনে দুটি সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্টের তথ্য পাওয়া গেছে বলে জানান ডিজিএম। তাঁর ভাষ্য অনুযায়ী, গ্রাহকের ১০টি আঙুল পরীক্ষা করে একটির সঙ্গে নিজের ফিঙ্গারপ্রিন্টের মিল পাওয়া গেছে। অন্য ফিঙ্গারপ্রিন্টটি কার, সে বিষয়ে গ্রাহকের কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ ছাড়া গ্রাহকের মোবাইল ফোনের এসএমএস অপশন বন্ধ পাওয়া গেছে। তাঁর ব্যবহৃত MyGP অ্যাপ একাধিক ডিভাইসে লগইন করা থাকার তথ্যও তদন্তে উঠে এসেছে।
সাত দিনে ৩৯টি লেনদেনে স্থানান্তর ৩৩ লাখ টাকার বেশি
হিমাংশু আচার্য জানান, গত ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সাত দিনে মোট ৩৯টি লেনদেনের মাধ্যমে ৩৩ লাখ ৪৪ হাজার ৭৩০ টাকা স্থানান্তর করা হয়েছে। অল্প সময়ের মধ্যে এক বা দুটি লেনদেনের পরিবর্তে টানা সাত দিন ধরে ধারাবাহিকভাবে এসব লেনদেন সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, কোনো প্রকৃত হ্যাকার এভাবে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে এতগুলো লেনদেনের ঝুঁকি নিতেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ব্যাংকের অনুসন্ধানে আরও জানা গেছে, গ্রাহকের ব্যবহৃত অ্যাপের মাধ্যমে তাঁর নিজের মোবাইল নম্বরেও রিচার্জ করা হয়েছে। পাশাপাশি নয়টি ব্যাংকের বিভিন্ন হিসাবে অর্থ স্থানান্তর, শেয়ারবাজারের একটি বিও (BO) অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং বিভিন্ন পণ্য কেনাকাটায় বাংলা কিউআর কোড ব্যবহার করে অর্থ পরিশোধের তথ্য পাওয়া গেছে।
মধ্যরাতে হয়েছে অধিকাংশ লেনদেন
লেনদেনের সময় বিশ্লেষণ করে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় সব লেনদেনই মধ্যরাতে সম্পন্ন হয়েছে। সাধারণত মানুষ ঘুমিয়ে থাকেন, এমন সময়ে ধারাবাহিকভাবে এতগুলো লেনদেন হওয়ার বিষয়টিও তদন্তে গুরুত্ব পেয়েছে।
ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য বলেন, যেসব হিসাবে টাকা স্থানান্তর করা হয়েছে, সেগুলো ভুয়া কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট হিসাবগুলো ইতোমধ্যে ব্লক করা হয়েছে এবং সেগুলোর বিস্তারিত তথ্য পুলিশের কাছে দেওয়া হয়েছে।
ব্যাংকের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনআরবি ব্যাংক ও এনসিসি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর হয়েছে। এ ছাড়া ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের একটি হিসাবেও অর্থ পাঠানোর তথ্য পাওয়া গেছে।
হিমাংশু আচার্য বলেন, ‘তদন্তের সব দিক যথাযথভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে।’
যেভাবে সামনে আসে ৩৫ লাখ টাকা উধাওয়ের ঘটনা
প্রসঙ্গত, গত ৯ নভেম্বর সিলেট মহানগরীর সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার একটি হিসাব থেকে ৩৫ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ সামনে আসে। ভুক্তভোগী গ্রাহক জেলা বারের প্রবীণ আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী অভিযোগ করেন, তাঁর অজান্তেই ডিজিটাল লেনদেনের মাধ্যমে হিসাব থেকে ওই অর্থ সরিয়ে নেওয়া হয়েছে।
দিলীপ কুমার জানান, ২০ হাজার টাকার একটি চেক দিয়ে তিনি একজনকে ব্যাংকে পাঠিয়েছিলেন। কিন্তু ব্যাংক থেকে জানানো হয়, তাঁর হিসাবে কোনো টাকা নেই। বিষয়টি শুনে তিনি নিজে ব্যাংকে গিয়ে খোঁজ নেন। পরে জানতে পারেন, ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে কয়েক দফায় তাঁর হিসাব থেকে প্রায় ৩৫ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে।