মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

ডেস্ক রিপোর্ট • ১৩ ঘণ্টা আগে • পঠিত: ৫ বার
পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে সোমবার দুই আসামির আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। পরে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছিল।

১৯ দিনের মাথায় নিম্ন আদালতের রায়

মামলার নথি অনুযায়ী, ঘটনার দিন ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসার বাথরুমে আট বছরের শিশুটিকে আটকে রেখে ধর্ষণের পর হত্যা করা হয়। পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে হত্যার পর শিশুটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। দুই হাতও কাঁধের কাছ থেকে প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। পরে মরদেহ বাথরুমের একটি বালতিতে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা।

এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা করেন। তদন্তের একপর্যায়ে পুলিশ স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার হন সোহেল রানা। মামলায় সোহেল রানা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় ৭ জুন মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুন দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ শিশুটির উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশও দেন আদালত।

হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্স

নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দুই আসামি তাঁদের দণ্ডের বিরুদ্ধে জেল আপিল করেন। এসব আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং স্বপ্না খাতুনকে খালাস দেন।

যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড

মামলার এজাহার ও বিবরণ অনুযায়ী, শিশুটির পরিবার পল্লবী থানার সেকশন-১১-এর ব্লক-বি এলাকার একটি ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকত। শিশুটির বাবা বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে সাবলেটে থাকতেন সোহেল রানা ও স্বপ্না খাতুন।

ঘটনার দিন ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশুটি বাসা থেকে বের হয়। এ সময় একই ভবনের এক ভাড়াটে তাকে কৌশলে নিজেদের ফ্ল্যাটে ডেকে নেন। সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে শুরু করেন তার মা। একপর্যায়ে ওই ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান তিনি।

দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভাঙা হয়। তখন ফ্ল্যাটের একটি শয়নকক্ষের মেঝেতে শিশুটির মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বাথরুমের একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp