রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।
সকাল ১০টা ৪০ মিনিটে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামি দুজন হলেন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুন। তাঁদের মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, সে বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
১৯ মে ঘটে হত্যাকাণ্ড
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি বাসায় শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। সে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি সোহেল রানা ঘটনার পর বাসার জানালার গ্রিল কেটে পালিয়ে যান। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অপর আসামি স্বপ্না খাতুনকেও পুলিশ আটক করে।
বিচারিক আদালতে দুই আসামির মৃত্যুদণ্ড
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।
পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে দুই আসামি তাঁদের সাজা চ্যালেঞ্জ করে জেল আপিল করেন।
সোমবার থেকে এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে। হাইকোর্টের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে, পরিবর্তন হবে নাকি বাতিল হবে।