মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
লেখাজোঁকা ভ্রমন অভিজ্ঞতা

স্থাপত্য শৈলির অনন্য নিদর্শন গুঠিয়া মসজিদ

ডেস্ক রিপোর্ট • ৮ ঘণ্টা আগে • পঠিত: ১৩ বার
স্থাপত্য  শৈলির অনন্য নিদর্শন গুঠিয়া মসজিদ
বাংলাদেশে যে কয়েকটি দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে, বরিশালের গুঠিয়া মসজিদ তার মধ্যে অন্যতম। সুদৃশ্য ক্যালিগ্রাফি, মূল্যবান মার্বেল পাথর ও বর্ণিল কাচসহ নানা স্থাপত্যশৈলীর কারণে মসজিদটি বর্তমানে পুরো দক্ষিণবঙ্গের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

বরিশাল নগরী থেকে ২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে উজিরপুর উপজেলার চাংগুরিয়া গ্রামে মসজিদটি অবস্থিত। গুঠিয়া ইউনিয়নে অবস্থিত হওয়ায় সাধারণ মানুষের কাছে এটি গুঠিয়া মসজিদ নামে পরিচিত হলেও এর প্রকৃত নাম বাইতুল আমান মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স।

বরিশালের বিশিষ্ট রাজনীতিবিদ জনাব এস সরফুদ্দিন আহমেদ সান্টু ২০০৩ সালে ১৪ একর জমির ওপর মসজিদটির নির্মাণকাজ শুরু করেন। নির্মাণকাজ শেষ হয় ২০০৬ সালে। জানা যায়, নির্মাণের সময় আরাফাত ময়দান, কাবা শরিফ, জাবালে রহমত, জাবালে নূর, নবীজির জন্মস্থান, মা হাওয়ার কবরস্থান, খলিফাদের কবরস্থান এবং মক্কা ও মদিনা থেকে পবিত্র মাটি এনে এই মসজিদে স্থাপন করা হয়েছিল।

মসজিদটির ভেতরে রয়েছে সুদৃশ্য মিনার, ২০ হাজার লোকের ধারণক্ষমতাসম্পন্ন ঈদগাহ, একটি ডাকবাংলো, প্রশস্ত গাড়ি পার্কিং, হেলিপ্যাড, লেক, শানবাঁধানো পুকুর, এতিমখানা, হিফজখানা ও সুদৃশ্য ফুলের বাগান। মিনারের উচ্চতা প্রায় ১৯০ ফুট। পুরো নির্মাণশৈলীতে আধুনিকতার সুস্পষ্ট ছাপ লক্ষণীয়। মসজিদের ভেতরে একসঙ্গে ১ হাজার ৫০০ মানুষ নামাজ আদায় করতে পারেন। মহিলাদের নামাজ আদায়ের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। চমৎকার এই মসজিদ দেখতে ও নামাজ পড়তে প্রতিদিন শত শত মানুষের আগমন ঘটে এখানে।

এশিয়া মহাদেশের বৃহত্তম মসজিদগুলোর অন্যতম এই মসজিদের মূল নকশা প্রস্তুত করা হয়েছে মধ্যপ্রাচ্যের দুবাই, শারজাহ, তুরস্ক ও মদিনার মসজিদগুলোর নকশা অনুসরণে। মসজিদটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ১৯৩ ফুট উচ্চতার মিনার ও ২০টি গম্বুজ।

গত বছরের মার্চ মাসে জুমার নামাজ আদায় করে আমার সুযোগ হয়েছিল পুরো মসজিদটি ঘুরে দেখার। বরিশালের তরুণ রাজনীতিবিদ ও সমাজকর্মী ইঞ্জিনিয়ার মাহফুজ আলম মিটু আমাকে পুরো মসজিদটি ঘুরিয়ে দেখান। পরিচয় হয় মসজিদের খতিব ও পেশ ইমাম জনাব মাওলানা আবু বকর ছিদ্দিকের সঙ্গে। তিনি জানান, শুধু মসজিদটির রক্ষণাবেক্ষণের কাজেই প্রতিদিন ৩০ জন লোক নিয়োজিত থাকেন।

জনাব সান্টু শুধু মসজিদ নির্মাণ করেই দায়িত্ব শেষ করেননি। মসজিদের ব্যয় নির্বাহের জন্য এর সঙ্গে একটি কমিউনিটি সেন্টার ও দুটি পেট্রল পাম্প নির্মাণ করেছেন। এই তিন প্রতিষ্ঠানের যাবতীয় আয় মসজিদের কল্যাণে ব্যয় করা হয়।

পেশ ইমাম আমাকে মুসল্লিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মসজিদের অভ্যন্তরের চিত্রাকর্ষক সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করবে। গম্বুজের চারপাশে ‘আয়াতুল কুরসি’ ও ‘সুরা আর-রাহমান’-এর ক্যালিগ্রাফি অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মসজিদের মেঝেতে ব্যবহৃত সাদা মার্বেল পাথর, গ্রানাইট ও সিরামিক পাথর পুরো মসজিদের আভিজাত্য বাড়িয়ে দিয়েছে। নয়টি অত্যাধুনিক ঝাড়বাতি ও সাউন্ড সিস্টেম মসজিদে তৈরি করেছে চমৎকার আবহ।

মসজিদে মুসল্লিদের অজু করার সুবিধার্থে পর্যাপ্ত অজুখানা নির্মাণ করা হয়েছে। এ ছাড়া প্রবেশপথের ডান দিকে খনন করা হয়েছে একটি বিশাল পুকুর। পুকুরটি এমনভাবে খনন করা হয়েছে, যেন স্থির পানিতে মসজিদের পূর্ণ প্রতিবিম্ব ফুটে ওঠে। পুকুরপাড়ে শানবাঁধানো ঘাট ও চারপাশে দেশি-বিদেশি ফুলের বাগান মুসল্লি ও পর্যটকদের বিমোহিত করে রাখে। রাতে বর্ণিল আলোকসজ্জার মধ্যে যখন মসজিদের ফোয়ারাগুলো সচল হয়, তখন পুরো এলাকা এক অপার্থিব রূপ ধারণ করে।

এই মসজিদকে কেন্দ্র করে পুরো চাংগুরিয়া গ্রাম এখন একটি পর্যটন এলাকায় পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মসজিদটি একনজর দেখতে। পর্যটকদের জন্য বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।

মসজিদটির সীমানায় ইট-পাথরের দেয়ালের পরিবর্তে ব্যবহার করা হয়েছে লেকবেষ্টনী। মসজিদের মূল ফটকে প্রবেশ করলেই চোখে পড়ে ডান পাশে টলটলে পানির পুকুর ও শানবাঁধানো নজরকাড়া পুকুরঘাট এবং বাঁ পাশে একটি স্তম্ভ ও পানির ফোয়ারা। এই স্তম্ভের মাধ্যমে মসজিদের মূল ভবনকে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে।

এমন দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স খুব কমই দেখা যায়, যেখানে রয়েছে হাফিজি স্কুল, ঈদগাহ ময়দান, এতিমখানা, বয়স্ক শিক্ষা স্কুল, পাঠাগার ও ডাকবাংলো। মসজিদের মেহরাব সূক্ষ্ম ক্যালিগ্রাফি ও খোদাই করা কারুকাজ দিয়ে তৈরি করা হয়েছে। মসজিদের ভেতরে আধুনিক ও মনোরম আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে।

আমি যখন মসজিদটি ঘুরে দেখছিলাম, তখন চোখে পড়ল বহু নারী-পুরুষ মসজিদের ফোয়ারা ও বর্ণিল ফুলের বাগানে ছবি তুলছেন। পাশেই রয়েছে মসজিদের প্রতিষ্ঠাতা জনাব সরফুদ্দিন আহমেদ সান্টুর জন্য প্রস্তাবিত কবর। দেখে মনে হলো, নিজের জন্যও তিনি খুব যত্নসহকারে কবরটি প্রস্তুত করে রেখেছেন। একজন কর্মকর্তা জানালেন, মসজিদে এলে তিনি প্রায়ই এই কবরের পাশে বসে সময় কাটান।

আধুনিক স্থাপত্য ও আভিজাত্যের জন্য এই মসজিদটি কেবল ইবাদতের স্থান হিসেবে সীমাবদ্ধ থাকেনি; হয়ে উঠেছে আধুনিক স্থাপত্যশিল্পের এক অনন্য নিদর্শন। প্রতিদিন ইবাদতের পাশাপাশি হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতি প্রমাণ করে, এই মসজিদ এখন কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং আধুনিক বাংলাদেশের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান।

লেখক: কলামিস্ট ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট, নিউইয়র্ক।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp

সম্পর্কিত খবর

ট্যাগ: গুঠিয়া মসজিদ, বাইতুল আমান মসজিদ, বরিশাল