বাংলাদেশের পুরোনো বন্ধু হিসেবে পিটার হাসকে অভিহিত করেছেন হুমায়ুন কবির। বৈঠকে আলোচনা হয়েছে দেশের বেসরকারি খাত নিয়ে।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং বর্তমানে মার্কিন জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার পিটার হাসের সঙ্গে বৈঠককে অনানুষ্ঠানিক বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি পিটার হাসকে বাংলাদেশের পুরোনো বন্ধু বলেও অভিহিত করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৈঠকের বিষয়ে কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, ‘পিটার হাস বেসরকারি কর্মকর্তা হিসেবে কাজ করছেন। তিনি এখানে এসেছিলেন। বৈঠকটি ছিল অনানুষ্ঠানিক।’ এ সময় তিনি জানান, বৈঠকে বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁর বিভিন্ন কূটনৈতিক তৎপরতা সে সময় দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
কূটনৈতিক দায়িত্ব শেষে ২০২৫ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। বাংলাদেশে প্রতিষ্ঠানটির এলএনজি সরবরাহ ও টার্মিনাল পরিচালনায় ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে।
এদিকে, বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের নেওয়া উদ্যোগে সম্ভাব্য প্রতিযোগী হিসেবেও বিবেচিত হচ্ছে এক্সিলারেট এনার্জি। এ কারণে বাংলাদেশের জ্বালানি খাতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক স্বার্থ এবং পিটার হাসের বিভিন্ন সময়ে বাংলাদেশ সফর নিয়ে খাতসংশ্লিষ্ট মহলে আগ্রহ রয়েছে।