গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় সাঁজোয়া যান (এপিসি) নিয়ে টহল দেওয়ার পাশাপাশি দায়িত্ব পালনকারী সদস্যদের শরীরে সংযুক্ত করা হয়েছে বডি-ওর্ন ক্যামেরা। ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমেও মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করছে বিজিবি।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনার সামনে বিজিবি ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি জানায়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বোচ্চসংখ্যক মোতায়েন সদস্যের সঙ্গে বডি-ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া ড্রোনসহ অন্যান্য প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে নজরদারিতে রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাও তাঁদের দায়িত্বের অংশ।
শহরের পরিস্থিতি স্বাভাবিক, কাটেনি আতঙ্ক
রোববারের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর সোমবার গোপালগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। সরকারি-বেসরকারি অফিস, আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংকপাড়া মোড়, জেলা প্রশাসকের বাসভবন এলাকা, লঞ্চঘাট, যুগশিখা মোড়, থানাপাড়া মোড়, জজকোর্ট, হাসপাতাল, পুলিশ লাইনস মোড় ও বেদগ্রামসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
তবে ব্যবসাপ্রতিষ্ঠান খুললেও স্থানীয় ব্যবসায়ী ও পরিবহনশ্রমিকদের মধ্যে আগের দিনের ঘটনার আতঙ্ক রয়ে গেছে। ফল ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, রোববার ফল কিনে বিক্রি করতে পারেননি। কখন আন্দোলন শুরু হয়, কখন দোকান বন্ধ করে দিতে হয়—এমন শঙ্কায় থাকতে হয় তাঁকে।
রিকশাচালক এনামুল হক জানান, তিনি সাত বছর ধরে গোপালগঞ্জ শহরে রিকশা চালান। রোববারের ঘটনার সময় দুই থেকে তিন ঘণ্টা রিকশা নিয়ে বের হননি। পরে বিকেলে রাস্তায় নামলেও সোমবার সকাল থেকে স্বাভাবিকভাবেই রিকশা চালাচ্ছেন।
আগের দিনের সহিংসতায় ভাঙচুর ও অগ্নিসংযোগ
এর আগে রোববার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশি অস্ত্র ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মহড়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুরের ঘটনা ঘটে।
রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। একই দিন টুঙ্গিপাড়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তিনি পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা একটি মামলার বাদী।
এর আগে ১০ নভেম্বরও গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেদিন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
প্রশাসন ও পুলিশে রদবদল, মামলা হয়নি
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোববার রাতে গোপালগঞ্জের তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়। তাঁরা হলেন টুঙ্গিপাড়া থানার মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার মাহফুজুর রহমান। তাঁদের সবাইকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।
এর আগে রোববার বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সোমবার দুপুর পর্যন্ত কোথাও নতুন করে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগের দিনের সহিংসতার ঘটনায় দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক বা গ্রেপ্তারও করা হয়নি।
এদিকে রোববারের সহিংসতার ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে কি না, জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জানান, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।