মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক

নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট

ডেস্ক রিপোর্ট • ১৮ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট
ইসরায়েলের সর্বশেষ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়কে জড়িয়ে সংবাদ প্রকাশের পর তাঁর পদত্যাগ দাবি করেছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। তিনি বলেছেন, নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না।

রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর বিরুদ্ধে এমন কঠোর অবস্থান জানান আইজেনকট। তাঁর অভিযোগ, বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।

তবে আইজেনকটের এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে তাঁর দলের জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। দুই দলের প্রতিনিধিরাও এ বিষয়ে বৈঠকে বসেছিলেন।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে দেশটির প্রেসিডেন্ট আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ

রোববার ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ আইদো নর্ডেন আরব রাজনৈতিক দল ইউনাইটেড আরব লিস্টের (রাআম) কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ করেছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের এমন এক ব্যক্তির কাছে পাঠান, যিনি গোয়েন্দা তথ্যের উৎস হিসেবে পরিচয় দিয়েছিলেন। ওই ব্যক্তি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কাজ করতেন।

ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রাআমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। অর্থের বিনিময়ে ভোটারদের ভোট দিতে উৎসাহিত করার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে পরবর্তী পুলিশি তদন্তে নির্বাচনে কারচুপির বিষয়ে ওই কথিত গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্যের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরে গ্রেপ্তার তিনজনকে ছেড়ে দেওয়া হয়।

আরব দলগুলোর বিরুদ্ধে প্রচারের অভিযোগ

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনের দিন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত পাঁচ নেসেট সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়ে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে আবেদন করেছিলেন। নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে তিনি এ পদক্ষেপ নিতে চেয়েছিলেন। তবে তাঁর আবেদন প্রত্যাখ্যান করা হয়।

নির্বাচনের দিন নেতানিয়াহু দেশজুড়ে আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নির্বাচনের ফলাফলে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয় পায়।

প্রাথমিক ফলাফল প্রকাশের পর নেতানিয়াহুর লিকুদ পার্টি ভোটে কারচুপির অভিযোগ তুললেও এ দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আইজেনকট অবিলম্বে পুরো ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রকাশিত তথ্যের বিষয়ে পুলিশ ও শিন বেতের পক্ষ থেকে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আইজেনকটের বক্তব্যকে উসকানি বলল লিকুদ

আইজেনকটের বক্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর দল লিকুদ পার্টি একে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘আপত্তিকর উসকানি’ বলে অভিহিত করেছে।

এর আগে শুক্রবার আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতা ধরে রাখতে নির্বাচনের সময় ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারে উসকানি দিয়েছেন নেতানিয়াহু।

পরদিন জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়ে আইজেনকটকে আবারও আহ্বান জানান নেতানিয়াহু। তবে ওই প্রস্তাবকে ‘ব্লাফ’ বা ধাপ্পাবাজি বলে মন্তব্য করেন আইজেনকট।

যদিও জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে নিজের ইয়াশার পার্টির সঙ্গে লিকুদ পার্টির আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp