মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক শৈশবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ

সৌদিতে জাওয়াদ কুরেইরিসের মৃত্যুদণ্ড কার্যকর

ডেস্ক রিপোর্ট • ১৯ ঘণ্টা আগে • পঠিত: ৬ বার
সৌদিতে জাওয়াদ কুরেইরিসের মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে শৈশবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জাওয়াদ কুরেইরিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সঙ্গে দেশটির পূর্বাঞ্চলের শিয়া সম্প্রদায়ের আরেক নাগরিক ফাদেল আল-সাফওয়ানিরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

২০১১-১২ সালে আরব বসন্তের সময় সৌদি আরবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ ওঠে জাওয়াদের বিরুদ্ধে। ওই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪ থেকে ১৫ বছর। ২০২০ সালের ডিসেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন সংগঠিত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ সৌদি কর্তৃপক্ষের

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, জাওয়াদ ও ফাদেল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্য ও যানবাহনে হামলা, গুলি এবং বিস্ফোরক মজুত রাখার মতো অভিযোগ আনা হয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষায়িত ফৌজদারি আদালতে বিচার শেষে সুপ্রিম কোর্টের অনুমোদন এবং রাজকীয় ডিক্রির মাধ্যমে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ পরিবারের

তবে জাওয়াদের পরিবারের দাবি, নির্যাতনের মাধ্যমে তাঁকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

মানবাধিকার সংস্থা রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মৃত্যুদণ্ডবিষয়ক প্রকল্পের প্রধান জিদ বাসিউনি বলেছেন, জাওয়াদসহ সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া চার তরুণকে শিশু বয়সে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

বাসিউনির অভিযোগ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ভিন্নমত প্রকাশের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রয়োগ করা হচ্ছে। এ ধরনের মৃত্যুদণ্ড বন্ধে সৌদি আরবের আন্তর্জাতিক অংশীদারদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শিশু বয়সে অভিযুক্তদের মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগ

রিপ্রিভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে সৌদি আরবে অপরাধ সংঘটনের সময় শিশু ছিল—এমন পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের সবাই শিয়া সম্প্রদায়ের সদস্য এবং ২০১১-১২ সালের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে দণ্ডিত হয়েছিলেন।

সৌদি আরবের পূর্বাঞ্চল শিয়া-অধ্যুষিত এলাকা। দেশটির বড় তেলক্ষেত্রগুলোর বেশ কয়েকটি এই অঞ্চলে অবস্থিত। দীর্ঘদিন ধরে সেখানে সরকারবিরোধী বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর অভিযানের ঘটনা ঘটেছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp