মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি • ১৯ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি
দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন শুরু হবে। পঞ্চম ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২৭ মে।

সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ হবে। প্রতিটি ধাপের ভোটের দিন নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার।

মেয়াদোত্তীর্ণ ইউপিগুলো অগ্রাধিকার পাবে

ইসি সানাউল্লাহ বলেন, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে অথবা নির্বাচনী চক্রের মধ্যে পড়বে, সেগুলোর নির্বাচন ২৭ মের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সব জেলায় একই সময়ে নির্বাচন কার্যক্রম শুরু করতে চায় কমিশন।

এ ক্ষেত্রে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন এবং যেসব ইউনিয়ন পরিষদে আগে নির্বাচন হওয়ার কথা ছিল কিংবা মেয়াদ বেশি পেরিয়ে গেছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী সময়ে বাকি উপজেলাগুলোতে বর্ণানুক্রমিকভাবে নির্বাচন আয়োজন করা হবে।

ভোটের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল

নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, ভোটগ্রহণের নির্ধারিত তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হতে পারে।

তিনি আরও জানান, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশন। এর আগে অনুষ্ঠিত বৈঠকে বাহিনীগুলো জানিয়েছিল, নভেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp