বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নেতা\-কর্মীদের সক্রিয় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব\-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা বৈঠকে অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে নিজ নিজ উদ্যোগে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি কোনো রাজনৈতিক দল বা পক্ষের পাল্টা কর্মসূচি হিসেবে নেওয়া হবে না। একইভাবে পাড়া\-মহল্লায় পাহারা বসিয়ে অন্য দলের কর্মসূচি প্রতিহত করার মতো কোনো উদ্যোগও নেওয়া হবে না।
পরিকল্পিত কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজন। বিএনপি এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও নিজস্ব কর্মসূচির মাধ্যমে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
জুলাই গণ\-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা\-কর্মীদের নানা তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। এমন রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যেই বিএনপি ডিসেম্বরজুড়ে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি জোরদারের সিদ্ধান্ত নিয়েছে।
দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনে যুক্ত থাকার পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে চায়। বিজয়ের মাসকে কেন্দ্র করে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে নেতা\-কর্মীদের মাঠে সক্রিয় রাখার পরিকল্পনা নিয়েছে দলটির নেতৃত্ব।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।”