ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে এসআরবি-১-এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। তবে শুরুতে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম প্রথম আলোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআরবি সাঈদ খোকনকে তাঁদের কাছে হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। তিনি ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে।
এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ, স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। পরবর্তী সময়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়।