মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট • ২২ ঘণ্টা আগে • পঠিত: ৫ বার
মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ
বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শ্রমিকেরা পল্লবী এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

জানা গেছে, সকালে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় মাইকিং করেও তাঁদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। তবে শ্রমিকেরা অবস্থান অব্যাহত রাখলে একপর্যায়ে তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এতে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও অনেক কারখানার শ্রমিক কর্মস্থল ত্যাগ করে বাসায় না গিয়ে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp