লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় যুবক নিখোঁজ হয়েছেন। একই নৌকায় থাকা সাত যুবকের মধ্যে একজন প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছালেও বাকি ছয়জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার ১৬ দিন পেরিয়ে গেলেও স্বজনেরা তাদের কোনো খোঁজ না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
নিখোঁজ যুবকেরা হলেন\- উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ইকবাল হোসেন সাগর, মনিপুর গ্রামের আসিব আলীর ছেলে সজিব মিয়া, বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের পাবেল ও আতাউর রহমান, কাউড়া গ্রামের উজ্জ্বল এবং বাঘাসুরা গ্রামের নাঈম।
এ ঘটনায় বেঁচে যাওয়া যুবক মাসুম মিয়া বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের মৃত দারোগ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় অবৈধ পথে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে তিনি লিবিয়ায় গিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর গ্রিসের উদ্দেশে একটি প্লাস্টিকের নৌকায় করে লিবিয়া থেকে যাত্রা করেন কয়েকজন অভিবাসনপ্রত্যাশী। বেঁচে ফেরা মাসুমের ভাষ্য অনুযায়ী, নৌকাটিতে হবিগঞ্জের বিভিন্ন উপজেলার ৩৭ জনসহ মোট ৫৪ জন বাংলাদেশি এবং সুদানের ছয় নাগরিক ছিলেন।
মাসুম জানান, ৩ নভেম্বর গ্রিসের একটি দ্বীপের কাছাকাছি পৌঁছালে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা সাগরে পড়ে যান। নৌকাটিতে কারও জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা ছিল না। সাগর উত্তাল থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নৌকায় ধরে থাকার জন্য একটি রশি থাকলেও যারা সেটি ধরে রাখতে পারেননি, তাদের কয়েকজনকে নিজের চোখের সামনে ডুবে যেতে দেখেছেন তিনি।
তিনি আরও জানান, সন্ধ্যা পর্যন্ত সাগরে ভেসে থাকার পর একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন ভোরে ঢেউয়ের তোড়ে একটি দ্বীপের কাছে পৌঁছান তিনি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গ্রিসের কোস্টগার্ডের কাছে পৌঁছালে তাঁকে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়।
এদিকে নিখোঁজ যুবকদের স্বজনদের অভিযোগ, গ্রিসে পাঠানোর কথা বলে বাঘাসুরা গ্রামের প্রবাসী হাফিজ মিয়া প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা করে নিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন হাফিজ মিয়া। তাঁর দাবি, এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং নিখোঁজ যুবকদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগও হয়নি।
বাঘাসুরা ইউনিয়নের ইউপি সদস্য নিজাম আহমেদ বলেন, যুবকেরা হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে তিনি জানতে পেরেছেন। সাতজনের মধ্যে একজন গ্রিসে পৌঁছেছেন। বাকি ছয়জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোঁজদের পরিবারগুলো চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন। নিখোঁজ যুবকদের পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।