দেশের স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে প্রায় চার হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রায় সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের কার্যক্রমও এগিয়ে চলছে। পাশাপাশি সিলেটসহ দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।
আগামী এক থেকে দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ৭১-বিধির আওতায় উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়নের মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সরকারের লক্ষ্য। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা দিতে সরকার কাজ করছে।
অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।
বিসিএসের মাধ্যমে নিয়োগ পাচ্ছেন প্রায় ৪ হাজার চিকিৎসক
স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট কমাতে বিভিন্ন বিসিএসের মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, চিকিৎসকের শূন্য পদ পূরণে ৪৬তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে।
নার্স ও মিডওয়াইফ নিয়োগেও অগ্রগতি
নার্স সংকট নিরসনে সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণের কার্যক্রমও এগিয়ে চলছে। প্রতিমন্ত্রী জানান, ৮২৮টি পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া ১ হাজার ৫৬৬টি শূন্য পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। আরও ১ হাজার ৭৭৫টি পদে নিয়োগের প্রস্তাব পাঠিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
মিডওয়াইফ নিয়োগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ৫৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তাঁদের পুলিশ ভেরিফিকেশন চলছে। পাশাপাশি আরও ১ হাজার ২৫৬টি মিডওয়াইফ পদে নিয়োগের জন্য পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে।
৫০৩ উপজেলায় নির্মিত হবে ১৫১ শয্যার হাসপাতাল
চিকিৎসক ও নার্স নিয়োগের পাশাপাশি স্বাস্থ্যসেবার অবকাঠামো সম্প্রসারণেও সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর মতে, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করাও জরুরি। এ লক্ষ্যে উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ-সংক্রান্ত প্রকল্পটি বর্তমানে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। ডিপিপি অনুমোদিত হলে নবগঠিত মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজও শুরু হবে।
নতুন হাসপাতালের নকশায় থাকবে চিকিৎসকদের আবাসন
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে। এর ফলে চিকিৎসকেরা নিরাপদ পরিবেশে থেকে দায়িত্ব পালন করতে পারবেন।
তিনি বলেন, চিকিৎসকদের স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি তাঁদের নিরাপত্তা ও মানসম্মত জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।
স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, জনবল সংকট পূরণে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এ খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।