সিলেটের সারদা স্মৃতি হলে তালা ঝুলিয়ে দিয়েছেন জেলা ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতারা। এ সময় হলের ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন ছবি ও ফটোর ফ্রেম সরিয়ে ফেলা হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাসাস নেতারা এ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় গণমাধ্যমের কাছে জাসাস নেতারা অভিযোগ করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সংগঠনটির দুই নেতা শামসুল ইসলাম সেলিম ও রজতকান্তি গুপ্ত জোটটিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে সারদা স্মৃতি হলে জোটের নেতাদের সভা-সমাবেশ করার বিষয়ে তাঁরা খবর পাচ্ছিলেন। তবে প্রথমে বিষয়টি বিশ্বাস করেননি। রোববার রাতে এ ধরনের একটি সভার প্রস্তুতির খবর পেয়ে তাঁরা হলে যান।
জাসাস নেতারা আরও বলেন, সারদা স্মৃতি হলে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিসহ তাঁদের ভাষায় ‘ফ্যাসিস্টের দোসরদের’ ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে। এরপর হলে তালা দেওয়া হয়।
তাঁরা জানান, সারদা স্মৃতি হলের মালিক সিলেট সিটি করপোরেশন (সিসিক)। হলের চাবি সিসিক প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সিদ্ধান্ত প্রশাসক নেবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান। তিনি জানান, এ সময় জেলা ও মহানগর জাসাসের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।