সিলেট জেলায় নতুন একটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করার সিদ্ধান্তের ফলে জেলায় পৌরসভার সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয়টিতে দাঁড়াচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় জৈন্তাপুর পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।
একই সভায় বগুড়া জেলার মোকামতলা পৌরসভা গঠন, নতুন দুটি থানা স্থাপন, একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
পৌরসভা গঠনের আইনি প্রক্রিয়ায় অগ্রগতি
জৈন্তাপুরকে পৌরসভায় রূপান্তরের প্রক্রিয়ায় এর আগে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে। গত ৯ জুলাই স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে উপজেলার নির্ধারিত পল্লি এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় জানানো হয়। পরবর্তী সময়ে ১৫ অক্টোবর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা ১৭ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।
চূড়ান্ত প্রজ্ঞাপনে জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের নির্ধারিত এলাকাকে শহর হিসেবে ঘোষণা করা হয়।
এর আওতায় নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী মৌজা এবং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজার নির্ধারিত দাগ অন্তর্ভুক্ত রয়েছে।
নাগরিক সেবা সম্প্রসারণের প্রত্যাশা
জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল ইসলাম চৌধুরীর ভূমিকার কথা উল্লেখ করছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, পৌরসভা গঠনের ফলে এলাকায় উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবার পরিধি বাড়বে।
স্থানীয়দের মতে, পৌরসভা প্রতিষ্ঠিত হলে সড়ক যোগাযোগ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নের সুযোগ তৈরি হবে। পাশাপাশি পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনাও সৃষ্টি হতে পারে।
সিলেটের ছয়টি পৌরসভা
এতদিন সিলেট জেলায় পাঁচটি পৌরসভা ছিল। সেগুলো হলো—কানাইঘাট, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বিশ্বনাথ ও বিয়ানীবাজার। নতুন করে জৈন্তাপুর পৌরসভা অনুমোদন পাওয়ায় জেলার পৌরসভার সংখ্যা এখন ছয়টি।