বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সিলেটের খবর

নাশকতার আশঙ্কায় সতর্ক সিলেট ওসমানী বিমানবন্দর, বাড়ানো হয়েছে নজরদারি

ডেস্ক রিপোর্ট • ৯ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
নাশকতার আশঙ্কায় সতর্ক সিলেট ওসমানী বিমানবন্দর, বাড়ানো হয়েছে নজরদারি
নাশকতার আশঙ্কায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের ভেতরে ও বাইরের এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি অতিরিক্ত আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য মোতায়েন করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ১৮ নভেম্বর বিকেল ৪টা থেকে সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন সিলেটভিউকে বলেন, ১৮ নভেম্বর ঢাকা থেকে নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর বিকেল ৪টা থেকে বিমানবন্দরে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে বিমানবন্দরের বাইরের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ জন্য অতিরিক্ত আনসার ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, বিমানবন্দরের প্রবেশপথ, সীমানাপ্রাচীর-সংলগ্ন এলাকা এবং ল্যান্ডসাইডে নজরদারি বাড়ানো হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণও চলছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের কথা বলা হয়েছে। রাতে ফ্লাইট চলাচল না থাকলেও বিমানবন্দর এলাকায় টহল ও নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা রয়েছে।

এ ছাড়া বিমানবন্দরে প্রবেশের সময় যানবাহন তল্লাশি এবং নিরাপত্তা টহল বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp