ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্পের অনুমোদন দিয়েছেন।
তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগব্যবস্থার দীর্ঘদিনের সীমাবদ্ধতা অনেকটাই দূর হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিভাগের সামগ্রিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এ প্রকল্পের মাধ্যমে বিভাগের সংসদ সদস্যদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে সিলেট-১ নির্বাচনী এলাকার বাসিন্দাদের জন্য আরেকটি সুখবর দিয়ে মন্ত্রী জানান, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে একটি নতুন সেতু নির্মাণ করা হবে। পৃথক একটি প্রকল্পের আওতায় সেতুটি নির্মিত হলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
সিলেট বিভাগের রেল যোগাযোগ আধুনিকায়নের বিষয়েও আশার কথা শুনিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে নতুন একটি ট্রেন চালু করা হবে।
ভিডিও বার্তার শেষ পর্যায়ে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন খন্দকার আব্দুল মুক্তাদির।