পাকিস্তানে সৌরবিদ্যুতের ব্যবহার অভাবনীয় গতিতে বাড়ছে। বিদ্যুতের উচ্চমূল্য ও জাতীয় গ্রিডের অনির্ভরযোগ্য সরবরাহ থেকে বাঁচতে সাধারণ পরিবার থেকে শুরু করে শিল্পকারখানা—সবখানেই বসানো হচ্ছে সোলার প্যানেল। এতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি বিদ্যুৎ খরচেও সাশ্রয় হচ্ছে। তবে সৌরবিদ্যুতের এই দ্রুত বিস্তার জাতীয় গ্রিড ব্যবস্থার আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
পাকিস্তানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘রিনিউয়েবলস ফার্স্ট’-এর তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অংশ ১ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে পৌঁছেছে। বর্তমানে দেশটির প্রায় ৭০ লাখ পরিবারে সোলার প্যানেল রয়েছে।
পাঞ্জাবের গ্রামীণ এলাকার বাসিন্দা ফয়সাল শাহজাদের বাড়িতে সৌরবিদ্যুতের এই পরিবর্তনের চিত্র স্পষ্ট। বিয়ের পর স্ত্রীর পরিবারের কাছ থেকে পাওয়া উপহারের মধ্যে একটি ৩৪০ ওয়াটের সোলার প্যানেলকেই সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে দেখছেন তিনি।
শাহজাদ জানান, গ্রীষ্মকালে সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই প্যানেল ব্যবহার করে তাঁদের এয়ার কুলার চালানো সম্ভব হয়েছে। ফলে দিনের বেলায় জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়নি।
একসময় বিয়েতে মোটরসাইকেল কিংবা গৃহস্থালির সামগ্রী উপহার দেওয়ার প্রচলন থাকলেও এখন সোলার প্যানেল ও এয়ার কুলার উপহার দেওয়ার প্রবণতা বাড়ছে বলে জানান তিনি।
বিদ্যুতের উচ্চমূল্যে সৌরশক্তির দিকে ঝুঁকছে মানুষ
পাকিস্তানে সৌরবিদ্যুতের বিস্তারের পেছনে বড় কারণ জাতীয় গ্রিডের বিদ্যুতের উচ্চমূল্য। দেশটির সাধারণ মানুষের আয়ের তুলনায় বিদ্যুৎ বিল অনেক বেশি হয়ে উঠেছে। গড় মাসিক মজুরি ৪০ হাজার পাকিস্তানি রুপির কিছুটা কম হলেও অনেক পরিবারের বিদ্যুৎ বিল ১৫ থেকে ১৮ হাজার রুপি পর্যন্ত পৌঁছাচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান রিনিউয়েবলস ফার্স্টের ইন্ডাস্ট্রি লিয়াজোঁ মুহাম্মদ হাসান দাজানা জানান, কয়েক বছরের ব্যবধানে বিদ্যুতের শুল্ক দ্বিগুণের বেশি বেড়েছে। অন্যদিকে চীনা সোলার প্যানেলের দাম কমেছে প্রায় ৯৩ শতাংশ।
পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আওয়াইস আহমেদ লেঘারির মতে, মানুষ মূলত টিকে থাকার বিকল্প পথ খুঁজে নিয়েছে। তাঁর ভাষায়, সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে জনগণ অর্থনৈতিকভাবে সাশ্রয়ী ও কার্যকর সমাধানের দিকে এগোচ্ছে।
জাতীয় গ্রিডে ‘ডেথ স্পাইরাল’–এর আশঙ্কা
সৌরবিদ্যুতের ব্যাপক ব্যবহার পাকিস্তানের জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তন আনলেও জাতীয় গ্রিডের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা এ পরিস্থিতিকে ‘ইউটিলিটি ডেথ স্পাইরাল’ বা বিদ্যুৎ পরিষেবা খাতের পতনচক্র হিসেবে ব্যাখ্যা করছেন।
এর মূল সমস্যা হলো, গ্রাহকেরা যখন নিজেদের সৌরবিদ্যুৎ ব্যবহার করে জাতীয় গ্রিড থেকে কম বিদ্যুৎ কেনেন, তখন গ্রিড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের স্থায়ী ব্যয় তুলনামূলক কমসংখ্যক গ্রাহকের ওপর পড়ে। ফলে বিদ্যুতের দাম আরও বাড়ানোর চাপ তৈরি হয়। এতে নতুন করে আরও বেশি মানুষ সৌরবিদ্যুতের দিকে ঝুঁকতে পারেন।
দীর্ঘ মেয়াদে এ পরিস্থিতি বিদ্যুৎ ব্যবস্থায় বৈষম্য তৈরি করতে পারে। যাঁদের সোলার প্যানেল কেনার সামর্থ্য রয়েছে, তাঁরা গ্রিডের ওপর নির্ভরতা কমাতে পারবেন। অন্যদিকে যাঁদের সেই সামর্থ্য নেই, তাঁদের ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল বহন করতে হবে।
মুহাম্মদ হাসান দাজানার আশঙ্কা, এভাবে জাতীয় গ্রিড একসময় রাষ্ট্রের জন্য বড় আর্থিক বোঝায় পরিণত হতে পারে। সেটিকে সচল রাখতে সরকারি অর্থের ওপর নির্ভরতা বাড়বে।
জ্বালানিমন্ত্রী লেঘারি জানিয়েছেন, গ্রিড থেকে গ্রাহকদের সরে যাওয়ার কারণে গত দুই বছরে অবশিষ্ট গ্রাহকদের বছরে ৫০ কোটি ডলারের বেশি অতিরিক্ত ব্যয় বহন করতে হয়েছে। তবে সরকার সৌরবিদ্যুতের ব্যবহার নিরুৎসাহিত করতে চায় না। বরং জাতীয় গ্রিডকে আরও সাশ্রয়ী ও প্রতিযোগিতামূলক করার পরিকল্পনা রয়েছে।
শিল্পকারখানায় বাড়ছে সৌরবিদ্যুতের ব্যবহার
শুধু আবাসিক খাত নয়, পাকিস্তানের শিল্পকারখানাগুলোতেও সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত বাড়ছে। ইসলামাবাদের কোহিনূর টেক্সটাইল মিলস এর একটি উল্লেখযোগ্য উদাহরণ।
কারখানাটির ছাদজুড়ে বিশাল এলাকাজুড়ে বসানো হয়েছে সোলার প্যানেল। প্রতিষ্ঠানটির ইউটিলিটিজ ম্যানেজার সাবাউন খান জানান, সূর্যের আলো থাকলে মিলের শত শত যন্ত্রপাতি সৌরবিদ্যুতের সাহায্যে চালানো সম্ভব হচ্ছে। একসময় বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলচালিত ইঞ্জিনগুলো এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
তবে মেঘলা আবহাওয়া, বায়ুদূষণ কিংবা রাতের বেলায় কারখানাটিকে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়। এ সমস্যা মোকাবিলায় শিল্পকারখানাটিতে বড় আকারের ব্যাটারি সংরক্ষণব্যবস্থা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মিলের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিক সাঈদ সাইগল বলেন, জ্বালানি ব্যয় কমানোর প্রয়োজন থেকেই সৌরবিদ্যুৎ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জাতীয় গ্রিড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা তাঁদের নেই।
সৌরবিদ্যুতের নীতিতে পরিবর্তন নিয়ে অসন্তোষ
সৌরবিদ্যুতের প্রসারের মধ্যে সরকারের নীতিগত পরিবর্তন নিয়েও সমালোচনা তৈরি হয়েছে। আগে গ্রাহকেরা নিজেদের উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে বিনিময়ে ক্রেডিট পেতেন। পরে সূর্যের আলো না থাকলে গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে সেই ক্রেডিটের সঙ্গে বিল সমন্বয় করা যেত।
তবে চলতি বছরের শুরুতে এ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। ফয়সালাবাদ চেম্বার অব কমার্সের সভাপতি আরিফ এহসান মালিকের অভিযোগ, সরকার এখন গ্রাহকদের কাছ থেকে কম দামে বিদ্যুৎ কিনছে, অথচ তাদের কাছেই বেশি দামে বিদ্যুৎ বিক্রি করছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জ্বালানিমন্ত্রী লেঘারি অবশ্য সরকারের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন। তাঁর বক্তব্য, আগের ব্যবস্থায় সৌরবিদ্যুৎ উৎপাদনকারীরা গ্রিডে যে দামে বিদ্যুৎ সরবরাহ করতেন, গ্রিড থেকে বিদ্যুৎ নেওয়ার সময় তার চেয়ে বেশি সুবিধা পেতেন। এর ফলে বাড়তি খরচ বহন করতে হতো অন্য গ্রাহকদের।
তিনি বলেন, আগের নিয়ম বহাল থাকলে আগামী দুই বছরে অবশিষ্ট গ্রাহকদের ওপর বছরে ১৫ হাজার থেকে ২০ হাজার কোটি পাকিস্তানি রুপির অতিরিক্ত ব্যয় চাপতে পারত।
২০৩৬ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য
পাকিস্তান সরকার বিদ্যুৎ খাতে আমদানিনির্ভরতা কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে। জ্বালানিমন্ত্রী লেঘারি জানিয়েছেন, ২০৩৬ সালের শেষ নাগাদ নবায়নযোগ্য ও পারমাণবিক জ্বালানিসহ পরিবেশবান্ধব উৎস থেকে দেশের বিদ্যুৎ চাহিদার সর্বোচ্চ ৯০ শতাংশ পূরণের লক্ষ্য রয়েছে। একই সময়ে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা ২৬ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।
এ ছাড়া দেশে সোলার ব্যাটারি উৎপাদনের কারখানা স্থাপন এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের সামনে এখন দুটি সম্ভাব্য পথ। একটি হলো সৌরবিদ্যুৎ ও জাতীয় গ্রিডের মধ্যে সমন্বয় তৈরি করে জ্বালানি রূপান্তরকে সফল করা। অন্যটি হলো গ্রাহক হারাতে থাকা ব্যয়বহুল গ্রিড ব্যবস্থার আর্থিক চাপ আরও বাড়তে দেওয়া।
তবে ফয়সাল শাহজাদের মতো সাধারণ গ্রাহকদের কাছে সৌরবিদ্যুতের আকর্ষণ কমছে না। তিনি আরও ১০ থেকে ১৫টি প্যানেল কিনে বাড়ির ছাদে বসানোর পরিকল্পনা করছেন। পাশাপাশি ব্যাটারি ও ব্যাকআপ ব্যবস্থা যুক্ত করে পুরোপুরি সৌরবিদ্যুতের ওপর নির্ভরশীল হওয়ার লক্ষ্য তাঁর।