মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মীকে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মীদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলন এবং বিগত সরকারের সময়ে গুম-খুনের শিকার পরিবারের এক হাজার সদস্য রয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য বিগত সরকারের আমলে ব্যাপক আকার ধারণ করেছিল। এসব সিন্ডিকেটের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল অথবা নিয়োগপ্রক্রিয়া ধীর করে দিয়েছিল।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে এ সমস্যার সমাধান করেছে। এর ফলে ১০ হাজার বাংলাদেশি কর্মী কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশটিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
তিনি জানান, মালয়েশিয়ার পাশাপাশি আরও কয়েকটি দেশে বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা চলছে। এসব দেশের মধ্যে ড্রাইভারসহ বিভিন্ন পেশার কর্মী নিয়োগের বিষয়ও রয়েছে। বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত অসাধু সিন্ডিকেট চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদেশ যেতে প্রতারণা ও অতিরিক্ত ব্যয়ের অভিযোগ
এর আগে সম্পূরক প্রশ্নে এক সংসদ সদস্য বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণার বিষয়টি সংসদে তুলে ধরেন। তিনি বলেন, প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ বিদেশে গিয়ে নিখোঁজ হচ্ছেন। কেউ কেউ ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসা নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন।
এ পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে বিদেশে কর্মী নিয়োগের প্রক্রিয়ায় সরকারের সরাসরি হস্তক্ষেপের প্রস্তাব দেন তিনি। কোন দেশে কতজন কর্মী নেওয়া হবে এবং বিদেশ যেতে সর্বোচ্চ কত টাকা খরচ হবে, তা সরকারিভাবে প্রকাশের আহ্বান জানান ওই সংসদ সদস্য।
তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার ব্যয় নির্ধারণের পাশাপাশি প্রয়োজনে সরকার প্রণোদনা দিলে সাধারণ পরিবারের মানুষের ওপর আর্থিক চাপ কমবে। বর্তমানে অনেকেই জমি বিক্রি কিংবা ঋণ নিয়ে বিদেশে যাওয়ার খরচ জোগাড় করছেন।
সরকারি উদ্যোগে অভিবাসন ব্যয় কমানো গেলে গ্রামের সাধারণ পরিবারের সন্তানদেরও তুলনামূলক কম খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সরকারের সরাসরি ভূমিকা জানতে চান সংসদ সদস্য।