জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রমে দুর্নীতি ও নাগরিক হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আবেদন গ্রহণের সঙ্গে সঙ্গে আবেদনকারীকে প্রাপ্তিস্বীকার বার্তা পাঠানো এবং কাগজপত্রের ঘাটতি থাকলে তা স্পষ্টভাবে জানানোর নির্দেশনাও দিয়েছেন তিনি।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।
এনআইডি সেবায় দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এনআইডি কেন্দ্রিক যে দুর্নীতি হয়, এখান থেকে আমি মুক্তি চাই। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে না, এমন একটা পরিবেশ চাই। কীভাবে আমরা এটা নিশ্চিত করতে পারি, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন।”
আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে বার্তা পাঠানোর নির্দেশ
সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে এনআইডি-সংক্রান্ত যেকোনো আবেদন পাওয়ার পরপরই আবেদনকারীকে ফিরতি বার্তা পাঠানোর নির্দেশ দেন সিইসি। বার্তায় আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে—এ তথ্য জানাতে বলেন তিনি।
কোনো আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে একসঙ্গে অনেক কাগজের তালিকা না দিয়ে শুধু যে মৌলিক নথিটি প্রয়োজন, সেটি নির্দিষ্ট করে জানানোর পরামর্শ দেন তিনি।
এনআইডি সেবা নিয়ে নাগরিকদের হয়রানির অভিযোগে নিজের বিব্রতবোধের কথা তুলে ধরে সিইসি বলেন, প্রতিদিন তাঁর কাছে সইয়ের জন্য আসা আবেদনের মধ্যে অন্তত ছয়টি থাকে এনআইডি-সংক্রান্ত ভোগান্তির অভিযোগ। কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ এক বছর আগে আবেদন করেও সমাধান পাননি বলে অভিযোগ করছেন।
তিনি বলেন, সংবাদপত্রে এনআইডি সেবা নিয়ে হয়রানির অভিযোগ আর দেখতে চান না।
দোষারোপ নয়, নাগরিক সেবায় গুরুত্ব
সেবা দিতে গিয়ে একে অপরের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধের আহ্বান জানান এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আবেদন নিষ্পত্তি না হওয়ার কারণ জানতে চাইলে কখনো এসএসসি সনদ, কখনো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ, আবার কখনো জন্মনিবন্ধন সনদের ত্রুটি দেখানো হয়। এভাবে দোষারোপ করে মানুষকে সেবা দেওয়া সম্ভব নয়।
সিইসি বলেন, সব নাগরিক সমানভাবে শিক্ষিত বা ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ—এমনটি ধরে নেওয়া ঠিক হবে না। গ্রামের অনেক বয়স্ক মানুষ এনআইডি না থাকায় বয়স্ক ভাতা বা ফ্যামিলি কার্ডের মতো সুবিধা পান না। তাই সাধারণ মানুষের সচেতনতা ও সক্ষমতা বিবেচনায় নিয়ে সেবা সহজ করার উপায় খুঁজতে হবে।
সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে কীভাবে আবেদন করতে হয়, সে বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। এ ধরনের প্রচারণা কীভাবে কার্যকর করা যায়, তা নিয়ে কর্মকর্তাদের পরিকল্পনা করার আহ্বান জানান।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরাও এতে অংশ নেন।
মেটা ডেসক্রিপশন:
কিওয়ার্ড / ট্যাগ: