নতুন জেমস বন্ড নির্বাচনের শুরুতে অভিনেতা রবার্ট প্যাটিনসনকে নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেফ বেজোস। কারণ, বন্ড চরিত্রের মাধ্যমে সাধারণত নতুন তারকার উত্থান ঘটে। কিন্তু প্যাটিনসন আগে থেকেই বিশ্বজুড়ে পরিচিত ও জনপ্রিয় অভিনেতা। তবে চূড়ান্ত পর্যায়ের স্ক্রিন টেস্টে তাঁর অভিনয় দেখে সব দ্বিধা দূর হয়ে যায়। শেষ পর্যন্ত তাঁকেই নতুন ০০৭ হিসেবে বেছে নেওয়া হয়।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর আয়োজিত এক অনুষ্ঠানে জেমস বন্ড নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কথা বলেন বেজোস। তিনি জানান, নতুন বন্ড বাছাইয়ের পুরো প্রক্রিয়ায় তিনি নিজে গভীরভাবে যুক্ত ছিলেন।
বেজোস বলেন, প্রাথমিকভাবে অনেক অভিনেতার মধ্য থেকে পাঁচজনকে চূড়ান্ত করা হয়। এরপর তাঁদের নিয়ে নেওয়া হয় পূর্ণাঙ্গ স্ক্রিন টেস্ট। সেখানে ছিল বন্ড ছবির উপযোগী পোশাক, বাস্তব সেট এবং সহশিল্পীদের সঙ্গে অভিনয়ের সুযোগ। প্রত্যেক প্রার্থীকে দিয়ে তিনটি ভিন্ন দৃশ্য ধারণ করা হয়।
তিনি বলেন, পাঁচজনের স্ক্রিন টেস্ট ধারণের পর শুক্রবার সবাই একসঙ্গে বসে কয়েক ঘণ্টা ধরে সেগুলো দেখেন ও পর্যালোচনা করেন। চূড়ান্ত তালিকায় থাকা প্রত্যেকেই ছিলেন অসাধারণ। তবে প্যাটিনসনের অভিনয়ে আলাদা কিছু খুঁজে পান তাঁরা।
স্ক্রিন টেস্টেই এগিয়ে যান প্যাটিনসন
বেজোসের ভাষ্য অনুযায়ী, শুরুতে প্যাটিনসনকে নির্বাচনের বিষয়ে তাঁদের কিছুটা অনীহা ছিল। কারণ, তিনি ইতিমধ্যে অনেক বেশি পরিচিত মুখ। বন্ড চরিত্রে তুলনামূলক অপরিচিত কাউকে নেওয়ার বিষয়টিও বিবেচনায় ছিল।
কিন্তু স্ক্রিন টেস্টের পর পরিস্থিতি বদলে যায়। প্যাটিনসনের অভিনয় দেখে তাঁকে নিয়েই সবাই একমত হন। পরিচালক ডেনিস ভিলনভসহ নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত ব্যক্তিরা তাঁর পক্ষেই অবস্থান নেন।
বেজোসের ভাষায়, স্ক্রিন টেস্টের পর বিষয়টি পরিষ্কার হয়ে যায়—জেমস বন্ড চরিত্রের জন্য প্যাটিনসনই সবচেয়ে উপযুক্ত।
বন্ড হওয়ার দৌড়ে ছিলেন আরও যাঁরা
অ্যামাজন এমজিএম সোমবার রবার্ট প্যাটিনসনকে পরবর্তী জেমস বন্ড হিসেবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে নতুন ০০৭ নির্বাচন নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনার অবসান ঘটে।
যদিও বেজোস চূড়ান্ত পাঁচ প্রার্থীর নাম প্রকাশ করেননি, চলচ্চিত্রশিল্পের বিশ্লেষকদের আলোচনায় সম্ভাব্য কয়েকজন অভিনেতার নাম উঠে এসেছিল। তাঁদের মধ্যে ছিলেন ক্যালাম টার্নার, জশ ও'কনর, জ্যাক লাউডেন ও নিকোলাস হোল্ট।
এ ছাড়া জ্যাকব এলোর্ডি, টম ফ্রান্সিস, অ্যারন টেইলর-জনসন, হ্যারিস ডিকিনসন ও হ্যারি স্টাইলসের নামও বিভিন্ন সময়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছিল।
বন্ড ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণে অ্যামাজন
২০২২ সালে জেমস বন্ড চলচ্চিত্রের নির্মাতা স্টুডিও এমজিএম অধিগ্রহণের চুক্তি চূড়ান্ত করে অ্যামাজন। তবে দীর্ঘদিনের বন্ড প্রযোজক মাইকেল জি. উইলসন ও বারবারা ব্রকলির কাছ থেকে ফ্র্যাঞ্চাইজিটির সৃজনশীল নিয়ন্ত্রণ পাওয়ার পরই নতুন বন্ড নির্বাচনে সরাসরি ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়।
প্রতিবেদন অনুযায়ী, তাঁদের অংশ ২ কোটি ডলারে কিনে নেয় অ্যামাজন। পরিচালক ডেনিস ভিলনভের অধীনে রবার্ট প্যাটিনসনকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রটি হবে এই চুক্তির পর মুক্তি পাওয়া প্রথম জেমস বন্ড সিনেমা।