মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভাঙচুর; এমপি জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে থানায় হামলা চালানো হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার পাশাপাশি থানা ভবন, পুলিশের মেস ও কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যার দিকে এসব ঘটনা ঘটে।
রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে থানার বিভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় থানায় কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। ঘটনার পরপরই পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামের সামনে পুলিশ চেকপোস্ট বসায়। সহিংসতার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এর পরপরই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করেন। দলটির কয়েকজন নেতাকর্মী ফেসবুক লাইভে এসেও থানা ঘেরাও করতে লোকজনকে আহ্বান জানান।
পরে নেতাকর্মীরা থানায় গিয়ে হামলা চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেন। এ সময় পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এর মধ্যেই হামলাকারীরা থানায় আগুন ধরিয়ে দেন। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে একদল মানুষ থানা চত্বরে প্রবেশ করছেন। তাঁরা সেখানে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার পর থানা ভবনে অগ্নিসংযোগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে অবস্থান নেন। পরে থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়।
এমপি জিলানীর বাড়িতে হামলা
থানায় হামলার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার পাটগাতী গ্রামের দিকে যান। সেখানে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে এস এম জিলানীর বাড়ির বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা যায়। বাড়ির ভেতরে লাঠিসোঁটা হাতে একদল যুবককে ভাঙচুর করতে দেখা যায়। এ সময় কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘জিলানীর বাড়ি শেষ’।
১০ জন আহত, নিরাপত্তার অভাবে আগুন নেভাতে যেতে পারেনি ফায়ার সার্ভিস
এ ঘটনায় ১০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ। তিনি বলেন, টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়ায় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়েছেন তাঁরা। তবে নিরাপত্তার অভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে ঘটনাস্থলে যেতে পারছেন না।
তিনি আরও বলেন, পর্যাপ্ত জনবল ও নিরাপত্তা নিশ্চিত করা হলে তাঁরা আগুন নেভানোর কাজে বের হবেন।
সড়কে অবরোধ, এলাকায় আতঙ্ক
মঙ্গলবার সন্ধ্যায় থানায় অগ্নিসংযোগের পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের খালেক বাজার, পাটগাতী মোড়, বর্ণিসহ বিভিন্ন স্থানে এবং গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় প্রবেশের সড়কগুলোতে অবরোধ সৃষ্টি করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন প্রতিবন্ধক স্থাপন করে সড়কগুলো অবরোধ করে রাখা হয়েছিল। পুলিশ ও বিজিবির কয়েকটি গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এসব ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সীমিত হয়ে পড়ে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এ ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার ও টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।
আগের সহিংসতার জের
এর আগে গত রোববার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটে। ওই দিন তাঁদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র দেখা যায়।
সেদিন জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। পরে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকানপাট এবং উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এসব ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়। এর মধ্যে সোমবার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে সেখানে সভা করেন দলটির নেতাকর্মীরা। একই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।