জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, নদীভাঙন রোধ, খাল ও ছোট নদী পুনঃখনন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সড়ক যোগাযোগব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত। মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাত প্রকল্প
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ; জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধন; ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সিলেট বিভাগের চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।
এ ছাড়া বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের চার প্রকল্প
পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পের মধ্যে রয়েছে দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানো। এ ছাড়া জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষার প্রকল্প রয়েছে।
মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণের প্রথম পর্যায়ের প্রকল্পটিও অনুমোদন দেওয়া হয়েছে।
কৃষি, নিরাপত্তা ও সড়ক পরিবহন খাত
কৃষি মন্ত্রণালয়ের জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকার কর্মকর্তাদের আবাসন সমস্যা নিরসনে অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদিত হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করা এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করা।
৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪ প্রকল্প
সভায় পরিকল্পনামন্ত্রীর ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৪টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়।
এসব প্রকল্পের মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলায় আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের দ্বিতীয় সংশোধন, জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ।
এ ছাড়া টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধি, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সক্ষমতা জোরদার এবং মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা প্রকল্প রয়েছে।
রাজশাহী বিভাগের জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন, দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলজ বাস্তুতন্ত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং মহাসড়কের ঝুঁকিপূর্ণ পুরোনো সরু কংক্রিট ও বেইলি সেতুর স্থলে নতুন কংক্রিট সেতু নির্মাণের উদ্যোগও এ তালিকায় রয়েছে।
এ ছাড়া দেশের দুর্গম ও প্রত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ প্রকল্প সম্পর্কেও সভায় অবহিত করা হয়।
সভায় মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।