সিলেট-ঢাকা রেলপথে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন একটি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, নতুন ট্রেন চালুর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সিলেটবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন মন্ত্রী।
ভিডিও বার্তায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে তাঁর আলোচনা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেনটির যাত্রা শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ট্রেন চালুর অনুমোদন দিয়েছেন।
নতুন ট্রেন চালু হলে সিলেট ও ঢাকার মধ্যে রেলপথে যাতায়াতের সুযোগ বাড়বে। পাশাপাশি যাত্রীদের আসনসংকট কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।
তবে নতুন ট্রেনটির নাম, আসনসংখ্যা, চলাচলের সময়সূচি এবং পথে কোন কোন স্টেশনে বিরতি থাকবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।