সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডিটোনেটর ও ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৫০টি উচ্চক্ষমতার বিস্ফোরক, ৪৮টি ডিটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড।
বুধবার সকালে বিজিবি সদরদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জৈন্তাপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির এই কর্মকর্তা জানান, উদ্ধার করা বিস্ফোরকগুলো উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ৫০টি পাওয়ার জেল বিস্ফোরক, ৪৮টি ডিটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে।
নাশকতায় ব্যবহারের আশঙ্কা, তদন্ত চলছে
উদ্ধার করা বিস্ফোরকগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাই পণ্য পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এসব চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। চোরাচালানের মূল হোতাদের তালিকা হালনাগাদ করে তাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।