বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক

ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী

ডেস্ক রিপোর্ট • ১৪ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, ভারত থেকে ভিডিও বার্তা দিয়ে দেশে সহিংস কর্মকাণ্ডে উসকানি দেওয়া হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, পুলিশ ও বিএনপি নেতাদের গাড়িতে বোমা হামলা, ককটেল নিক্ষেপ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের ইন্ধন রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, কলকাতা ও দিল্লিতে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থান করছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং সেখান থেকেই দেশে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা দিচ্ছেন।

তিনি বলেন, “ধৈর্যের একটা সীমা আছে। সেই সীমা যেন অতিক্রম না করে, সে বিষয়ে পলাতক শক্তিকে সতর্ক থাকতে হবে।”

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ

বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক শক্তির আন্দোলন-সংগ্রাম চলেছে। পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বেও সেই আন্দোলন অব্যাহত ছিল। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। ওই আন্দোলনে শিক্ষার্থী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং অনেকে আত্মত্যাগ করেন।

রিজভী বলেন, জুলাই আন্দোলনের রক্তের দাগ এখনো শুকায়নি। অথচ আবারও আগের রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

আলোচনায় তিনি বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা লোপাট, সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের অর্থ আত্মসাৎ এবং শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে সম্পদ অর্জনের অভিযোগও তোলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে পূর্বাচলে তাঁর ভাগ্নে, ভাগ্নি ও মেয়ের নামে ৬০ কাঠা জমি নেওয়ার অভিযোগ তুলে রিজভী বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে নিজেদের জমিদারি ও পৈতৃক সম্পত্তি মনে করে। আবারও সেই অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা চলছে।

গণতন্ত্রের পক্ষে জনগণ: সুলতান সালাহউদ্দিন টুকু

সভায় বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে। যারা গণতন্ত্র ও দেশের শত্রু, তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনোভাবেই ফ্যাসিবাদকে আবার গ্রহণ করবে না।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp