বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
হবিগঞ্জ

কাটেঙ্গা বিল রক্ষায় প্রশাসনের অভিযান, চারপাশে টানানো হলো লাল নিশান

ডেস্ক রিপোর্ট • ৮ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
কাটেঙ্গা বিল রক্ষায় প্রশাসনের অভিযান, চারপাশে টানানো হলো লাল নিশান
দীর্ঘদিনের দখল ও মাটি ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল। বিলটি রক্ষায় উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সরেজমিনে অভিযান চালিয়ে বিলের সরকারি জমি চিহ্নিত করার পাশাপাশি চারপাশে লাল নিশান টানানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।

প্রশাসন সূত্রে জানা গেছে, কাটেঙ্গা বিলের সরকারি জমি পুনরুদ্ধার, বিল খনন এবং পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিলের জীববৈচিত্র্য সংরক্ষণ, পাখি ও জলজ প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। বিলটিকে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে অবস্থিত কাটেঙ্গা বিলের আয়তন প্রায় সাড়ে ১১ একর। সাতছড়ি ও তেলমাছড়া বনের কাছাকাছি হওয়ায় একসময় বিলটি দেশি-বিদেশি পাখি এবং দেশীয় মাছের বিচরণে মুখর থাকত। তবে দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে বিলটির প্রাকৃতিক পরিবেশ ও অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।

বিলটি রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ইউএনও মেহেদী হাসান বলেন, কাটেঙ্গা বিল নিয়ে প্রশাসনের আগে থেকেই পরিকল্পনা রয়েছে। এর সরকারি জমি চিহ্নিত করা হয়েছে। জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও সরকারি সম্পদ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে আরও নতুন পরিকল্পনাও রয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp

সম্পর্কিত খবর

ট্যাগ: কাটেঙ্গা বিল, মাধবপুর, হবিগঞ্জ