বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
হবিগঞ্জ

হবিগঞ্জে গ্রামীণ ব্যাংকে আগুন, সিসিটিভিতে দেখা গেল যেভাবে পালাল দুর্বৃত্ত

ডেস্ক রিপোর্ট • ১৩ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
হবিগঞ্জে গ্রামীণ ব্যাংকে আগুন, সিসিটিভিতে দেখা গেল যেভাবে পালাল দুর্বৃত্ত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার ডিজিটাল সাইনবোর্ডে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার ইমামবাড়ি শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় আগুন দেওয়ার পুরো ঘটনাটি ধরা পড়েছে।

আগুনে ব্যাংকের সামনের ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেলেও ভেতরে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ব্যাংকের নিরাপত্তাকর্মীও অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

সীমানাপ্রাচীর টপকে ঢুকে আগুন
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাতের অন্ধকারে এক ব্যক্তি ব্যাংকের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এরপর ব্যাংকের সামনে থাকা ডিজিটাল সাইনবোর্ডে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

প্রায় দেড় মিনিট পর আগুন নিভে গেলে ওই ব্যক্তি আবার সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। তাঁর সঙ্গে বাইরে অন্য কেউ ছিলেন কি না, তা ফুটেজে স্পষ্ট বোঝা যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ব্যাংকের ভেতরে থাকা নিরাপত্তাকর্মী হাফিজুর রহমান ঘুমিয়ে ছিলেন। পুলিশ তাঁকে ঘুম থেকে জাগিয়ে নিরাপদে বাইরে নিয়ে আসে।

তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।\
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp