বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সিলেটের খবর

সিলেটে বাসে আগুন: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ইমদাদ চৌধুরী

ডেস্ক রিপোর্ট • ১৪ ঘণ্টা আগে • পঠিত: ৫ বার
সিলেটে বাসে আগুন: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ইমদাদ চৌধুরী
সিলেটে বাসে অগ্নিসংযোগের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তাঁর অভিযোগ, ঘটনাস্থলের কাছাকাছি পুলিশ ফাঁড়ি থাকলেও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঠেকাতে পারেনি প্রশাসন। এ ক্ষেত্রে প্রশাসনের ব্যর্থতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সিলেটভিউয়ের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইমদাদ হোসেন চৌধুরী।

তিনি বলেন, কোতোয়ালী থানার আওতাধীন যে এলাকায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে, সেখানে পুলিশ ফাঁড়ি খুব বেশি দূরে নয়। রাতে পুলিশ সদস্যরা কাদের নিরাপত্তা দিচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষ্য, যেসব গাড়িতে আগুন দেওয়া হয়েছে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে।

লকডাউনে জনজীবনে প্রভাব পড়েনি: ইমদাদ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মসূচি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সংগঠনটির নেতাকর্মীরা বাইরে থেকে নির্দেশনা দিচ্ছেন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুতি নিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

লকডাউন কর্মসূচির কারণে জনজীবনে কোনো প্রভাব পড়েনি উল্লেখ করে ইমদাদ চৌধুরী বলেন, ১০ থেকে ১৫টি গাড়িতে আগুন দিলেই কোনো কর্মসূচি সফল হয় না। বিএনপি দীর্ঘ ১৫ বছর গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছে, কিন্তু কখনো যানবাহনে আগুন দেওয়ার পথ বেছে নেয়নি বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন অগণতান্ত্রিক পন্থায় মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করছে।
গোপালগঞ্জের ঘটনা নিয়ে বক্তব্য
গোপালগঞ্জে হামলার প্রসঙ্গ টেনে ইমদাদ চৌধুরী বলেন, সেখানে বিএনপির দুজন নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিএনপি ও পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

তাঁর মতে, গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। তবে দেশের মানুষ সচেতন থাকায় এ ধরনের কর্মসূচির মাধ্যমে সরকারকে চাপে ফেলা কিংবা উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা সম্ভব হবে না।
সহিংসতা বরদাশত করা হবে না
সিলেটে কোনো ধরনের সহিংসতা, শারীরিক নির্যাতন কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক পন্থায় রাজপথে রয়েছে। দলের কোনো নেতাকর্মী যাতে এ ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত না হন, সে বিষয়েও অবস্থান জানান তিনি।

সারা দেশে জনজীবন স্বাভাবিক রয়েছে দাবি করে ইমদাদ চৌধুরী বলেন, ট্রেনযাত্রীদের সঙ্গেও কথা বলে তাঁদের নির্বিঘ্নে যাতায়াতের বিষয়টি জানতে পেরেছেন তিনি।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp