যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে। হামলায় লাঠিসোঁটা নিয়ে এনসিপির নেতাকর্মী ও অনুষ্ঠানে অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত পাঁচজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’
তিনি আরও লেখেন, ‘আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তাঁরা হামলা ও সহিংসতার ঘটনা নিজ চোখে প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।’
এদিকে মঙ্গলবার দুপুরে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের উদ্যোগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করার অভিযোগ তোলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ\-অভ্যুত্থানের পর বিএনপি বিভিন্ন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে। গত সাত মাসে বিএনপি সরকারের সময়েও ‘রিকনসিলিয়েশন’ ও ‘ইনক্লুসিভিটি’র নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসর দেওয়ার চেষ্টা করা হয়েছে। অথচ বর্তমানে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের মুখে বিএনপি অসহায়। এখন তারা বিরোধী দলের সহযোগিতা চাইছে।
তিনি আরও অভিযোগ করেন, এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাকে স্বরাষ্ট্রমন্ত্রী শর্টসার্কিটজনিত দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। তাঁর দাবি, ওই ঘটনায় আওয়ামী লীগের কর্মীরা হামলার দায় স্বীকার করেছিলেন।
এর আগে শনিবার যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। সেখানে আওয়ামী লীগের একদল কর্মী\-সমর্থক তাঁকে উদ্দেশ করে বিভিন্ন অপ্রীতিকর স্লোগান দেন।
এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে লন্ডনে অন্তর্বর্তী সরকারের তৎকালীন উপদেষ্টা মাহফুজ আলমের সফর এবং চলতি বছরের জুনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর যুক্তরাজ্য সফর ঘিরেও ডিম নিক্ষেপ, সফরে বাধা দেওয়ার চেষ্টা ও উত্তেজনার ঘটনা ঘটে।