দেশের পাঁচ জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পটুয়াখালী, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম ও ফেনীতে এসব ঘটনা ঘটে। অন্তত পাঁচটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। কয়েকটি পরিবারের সদস্য আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
এসব হামলার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। কয়েকটি ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট থানাগুলো জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
পটুয়াখালীতে নয় নেতার বাড়িতে হামলা
পটুয়াখালীতে বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নয় নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি বাড়িতে আগুন দেওয়া হয়। একটি বাড়ির সামনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
বুধবার রাত ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগের এতিমখানা রোড এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাড়িতে আগুন দেওয়া হয়। এতে ভবনের দুটি তলার কয়েকটি কক্ষের মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
জুলাই গণ-অভ্যুত্থানের পরও ওই বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এরপর পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান। সেই থেকে বাড়িটি তালাবদ্ধ ছিল।
একই এলাকায় জেলা শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খলিলুর রহমানের বাসায়ও হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলাকারীরা ঘরে ঢোকার জন্য দরজা ভাঙার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে চলে যান।
রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের পিডিএস মাঠ-সংলগ্ন বাড়ির সামনে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। নিরাপত্তার কারণে ভবনটির আট ভাড়াটে রাতেই অন্যত্র চলে যান। আফজাল হোসেন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাত দুইটার দিকে পুরান বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নানের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়। একই সময়ে জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের বাড়িতেও হামলা চালানো হয়। এ সময় তাঁর স্ত্রী লুৎফুরনেছা দেড় বছরের সন্তানকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন।
এ ছাড়া সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতান আহমেদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হুমায়ুন চৌধুরীর বাড়ির পাশে একটি খাবার হোটেল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শিয়ালি গ্রামে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে কাঠের সামগ্রী ও আসবাবসহ ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ অধিকারী জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দুটি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মোট কতটি ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ময়মনসিংহে মার্কেট গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে বুধবার রাতে সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত আবদুস ছাত্তার এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য সামি উসমান গণির দুটি মার্কেট ভেঙে ফেলা হয়েছে।
এ ছাড়া থানা রোড এলাকায় সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, উপজেলা পরিষদের সামনে মার্কেট ভাঙচুরের স্থান পুলিশ পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা কেউ জানাতে পারেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে।
চট্টগ্রামে ভুল ভবনেও ভাঙচুর
চট্টগ্রাম নগরের দামপাড়ার পল্টন সড়ক এলাকায় বুধবার মধ্যরাতে আওয়ামী লীগের নগর কমিটির সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায় ভাঙচুর চালানো হয়। তাঁকে ওই ভবনে বসবাসকারী মনে করে পাশের আরেকটি ভবনেও হামলা করা হয়।
ভাঙচুরের শিকার ভবন দুটি হলো জহুর আহমেদ চৌধুরী টাওয়ার ও সাঈদা নিবাস। মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা জহুর আহমেদ চৌধুরী টাওয়ারের দ্বিতীয় তলায়। ওই তলার কাচ ভাঙচুরের পাশাপাশি নিচতলায় কেয়ারটেকার ও নিরাপত্তাকর্মীদের কক্ষও ক্ষতিগ্রস্ত করা হয়।
ভবনের নিরাপত্তাকর্মীদের ভাষ্য, বুধবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে লাঠিসোঁটা হাতে ৫০ থেকে ৬০ জনের একটি দল সেখানে আসে। প্রথমে তারা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা মনে করে সাঈদা নিবাসে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে জহুর আহমেদ চৌধুরী টাওয়ারে ভাঙচুর চালায়।
চকবাজার থানার ওসি মো. নূর হোসেন মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে কাচের টুকরা পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।
ফেনীতে সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন ও লুটপাটের অভিযোগ
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে বৃহস্পতিবার ভোর চারটার দিকে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাড়ি থেকে মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা।
রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলামের ভাষ্য, ভোররাতে ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী ব্যক্তি দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করেন। তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালান। পরে বাড়ির নিচতলার তিনটি কক্ষ এবং সামনে রাখা একটি পিকআপে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। আশপাশের লোকজন এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাড়ির কয়েকটি কক্ষ ও পিকআপের সামনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওতে নারী-পুরুষের চিৎকারের শব্দও শোনা যায়।
রহিম উল্লাহ সৌদি আরবের জেদ্দা শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি বিজয়ী হন। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দী।
সোনাগাজী মডেল থানার ওসি মো. আবুল হাসিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে বাড়ির খাট, সোফা, চেয়ার ও টেবিলসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে। পিকআপের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাড়ি থেকে মালামাল লুটের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। কারা এবং কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রাজশাহীতে শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা মহল্লায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা শামসুল ইসলামের দাবি, তিনটি মোটরসাইকেলে ছয়জন ব্যক্তি বাড়ির সামনে আসেন। তাঁদের মধ্যে চারজন প্রাচীর টপকে ভেতরে ঢুকে আগুন ধরান এবং দুজন বাইরে অবস্থান করেন। তাঁদের হাতে পিস্তল ছিল বলেও দাবি করেন তিনি। আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে তাঁরা পালিয়ে যান।
বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুকুল বলেন, তিনি ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় বাড়ির নিচে সামান্য আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর ব্যবস্থা করেন। তিনি এ ঘটনায় বিএনপির কেউ জড়িত নন বলে দাবি করেন।
অন্যদিকে আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক দাবি করেন, হামলাকারীরা বিএনপির কেউ নন। তাঁর অভিযোগ, শাহরিয়ার আলম রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য ঘটনাটি সাজিয়ে থাকতে পারেন।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বাড়ির নিচে সামান্য আগুন লাগানো হয়েছিল। এতে বাড়ির গেটসহ কোনো স্থাপনার ক্ষতি হয়নি।