বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন

ডেস্ক রিপোর্ট • ১৯ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রাম ও গাজীপুরে ১৫ প্লাটুন করে, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, ফরিদপুরে ৩ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁরা দায়িত্ব পালন করছেন। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েনের জন্য আরও পাঁচ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নজরদারি জোরদার

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp