বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট • ১২ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ এ রায়কে স্বাগত জানায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।

হুমায়ুন কবির বলেন, ‘আমরা এই রায়কে স্বাগত জানাই এবং এতে সন্তুষ্ট।’ তাঁর ভাষ্য, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের রায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

বাংলাদেশের জন্যও ইতিবাচক প্রভাবের আশা

আইসিজের রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষতিপূরণের বিষয়টি উঠে এসেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এর ইতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়তে পারে। রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও এ রায় ইতিবাচক ফল বয়ে আনার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সমাধানে ভবিষ্যতে কীভাবে এগোনো হবে, সে ক্ষেত্রেও আইসিজের এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রায়ের বিস্তারিত বিষয় পরদিন এক ব্রিফিংয়ে তুলে ধরা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp