বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

নিজস্ব প্রতিনিধি • ১২ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত বৃহস্পতিবার দেওয়া ঐতিহাসিক রায়ে বলেছে, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার।

রায়ের পর্যবেক্ষণে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার মাধ্যমে মিয়ানমার আন্তর্জাতিক সনদের বাধ্যবাধকতা ভঙ্গ করেছে।

বহুল আলোচিত এ মামলায় বিচারকদের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দেন। একই সঙ্গে ২০১৭ সালের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

আইসিজে জানিয়েছে, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের অধীনে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে সৃষ্ট ক্ষতির জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে।

তবে ক্ষতিপূরণের নির্দিষ্ট অঙ্ক বা পরিশোধের পদ্ধতি এখনই নির্ধারণ করেননি বিচারকেরা। ইউজি ইওয়াসাওয়া বলেন, ক্ষতিপূরণ এমন হতে হবে, যাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতির যথাযথ প্রতিকার নিশ্চিত হয়। এ বিষয়ে পরবর্তী বিচারিক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রায়ের দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। এতে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিস্থিতি পুনরুদ্ধারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত তুলে ধরতে হবে।

২০১৭ সালের অভিযানে নিহত প্রায় ১০ হাজার রোহিঙ্গা

রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার সদস্যরা পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর পর ২০১৬ সালের অক্টোবরে রাখাইনে সামরিক অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। ২০১৭ সালের আগস্টে সেই অভিযান ব্যাপক আকার ধারণ করে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ বাংলাদেশে পালিয়ে আসেন।

জাতিসংঘের তদন্তে উঠে আসে, সামরিক বাহিনী শত শত রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে দেয়, ব্যাপক হত্যাকাণ্ড চালায় এবং নারী ও কিশোরীদের ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়। তদন্তকারীদের মতে, এসব যৌন সহিংসতা রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যের ইঙ্গিত বহন করে।

সহিংসতার পর মিয়ানমার সেনাবাহিনী মাত্র দুটি মামলায় কয়েকজন সেনাসদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানায়। এর মধ্যে ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা পুরুষ ও কিশোরকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত সাত সেনাসদস্যকে এক বছরেরও কম সময় কারাভোগের পর মুক্তি দেওয়া হয়েছিল।

নাগরিকত্ব থেকে বঞ্চিত রোহিঙ্গারা

২০১৭ সালের সামরিক অভিযানের বহু আগে থেকেই রোহিঙ্গারা মিয়ানমারে বৈষম্য ও নাগরিকত্বহীনতার শিকার। ১৯৮২ সালে দেশটির নাগরিকত্ব আইন প্রণয়নের পর স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত করা হয়নি। অনেক পরিবার প্রজন্মের পর প্রজন্ম মিয়ানমারে বসবাস করলেও তাদের ‘অভিবাসী বাঙালি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এর ফলে অধিকাংশ রোহিঙ্গা নাগরিকত্ব হারান এবং বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠীগুলোর একটিতে পরিণত হন।

নতুন করে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

২০২৩ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাত আবার শুরু হলে রাখাইন রাজ্যের বড় অংশের নিয়ন্ত্রণ নেয় জাতিগত রাখাইন সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত আগস্টে জানায়, মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মি—উভয় পক্ষের বিরুদ্ধেই রোহিঙ্গাদের ওপর ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতনের অভিযোগ রয়েছে। আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা এবং জোরপূর্বক নিয়োগের অভিযোগও উঠেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এসব সহিংসতার কারণে ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। এতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা বেড়ে প্রায় ১২ লাখে পৌঁছেছে।

শরণার্থী শিবিরে বাড়ছে মানবিক সংকট

বাংলাদেশে আশ্রয় নেওয়া অধিকাংশ রোহিঙ্গা কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শিবিরগুলোতে বসবাস করছেন। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মৌলিক প্রয়োজন মেটাতে তাঁদের আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভর করতে হয়।

তবে গত কয়েক বছরে শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমেছে। বিশেষ করে ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৈদেশিক সহায়তা কমানোর পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

বর্তমানে অনেক শরণার্থী আগের তুলনায় কম খাদ্য রেশন পাচ্ছেন। বেশ কয়েকটি শিবিরে স্কুলও বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা সতর্ক করে বলেছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের একটি বড় অংশ পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।
সূত্র: এএফপি, বিবিসি ও আল জাজিরা।

সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp