ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক বিভিন্ন সংকট নিয়ে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে শুরু হয়েছে তিন নেতার এই ত্রিপক্ষীয় বৈঠক। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র এবং আন্তর্জাতিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসার ইঙ্গিত দিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বৈঠকের শুরুতে বক্তব্য দিতে গিয়ে ইউক্রেন যুদ্ধকে আলোচনার অন্যতম প্রধান বিষয় হিসেবে তুলে ধরেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ২৪ ঘণ্টায় শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে পুতিন বলেন, ইউক্রেন ইস্যুতে তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে।
বড় শক্তিগুলোর ঐক্যের ওপর জোর শি জিনপিংয়ের
বৈঠকের উদ্বোধনী বক্তব্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এই সম্মেলনের তাৎপর্য নজিরবিহীন। তাঁর মতে, বিশ্বের বড় শক্তিগুলো পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার ভিত্তিতে সহাবস্থান করলে শান্তি প্রতিষ্ঠা সহজ হয়।
শি আরও বলেন, প্রতিকূল পরিস্থিতিই প্রকৃত দায়িত্ববোধের পরিচয় দেয়। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিন দেশের একসঙ্গে কাজ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার গুরুত্ব তুলে ধরলেন ট্রাম্প
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার ক্ষেত্রে তিন দেশ অনন্য অবস্থানে রয়েছে। অতীতে মতপার্থক্য থাকা সত্ত্বেও অনেক নেতা অন্য দেশের নেতাদের সঙ্গে আলোচনায় বসতে অনীহা দেখিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, সুযোগ হাতছাড়া করে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায়নি। পুরো বিশ্বকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর সমাধানে তিন দেশের বড় দায়িত্ব রয়েছে।
বৈঠকের আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প। বিশ্বের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে তিন নেতা কথা বলবেন উল্লেখ করে তিনি বলেন, আলোচনার মাধ্যমে কোনো সমাধানে পৌঁছানো যায় কি না, তা দেখা হবে।
এপেক সম্মেলনের ফাঁকে আয়োজিত এই বৈঠককে তিন দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় আলোচনা হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক সংকট নিরসনে তাঁদের আলোচনার ফলাফলের দিকে নজর রয়েছে বিশ্বরাজনীতির পর্যবেক্ষকদের।
সূত্র: আল জাজিরা