রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার চূড়ান্ত রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করবেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বাংলাদেশ সময় বিকেল ৩টায় এ রায় ঘোষণার কথা রয়েছে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়ার করা মামলার প্রায় সাত বছর পর আসছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রায়টি আন্তর্জাতিক আইনে চূড়ান্ত ও বাধ্যতামূলক; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের পর ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে অন্তত ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। তাঁদের ওপর চালানো নিপীড়নের অভিযোগ থেকেই আন্তর্জাতিক পর্যায়ে গণহত্যার বিচার দাবি জোরালো হয়।
যেভাবে শুরু হয় গণহত্যার অভিযোগ
২০১৭ সালের আগস্টে বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার পর উত্তর রাখাইনে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। অভিযানের সময় রোহিঙ্গাদের হত্যা, যৌন সহিংসতা এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশন ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার কথা উল্লেখ করে। এর ধারাবাহিকতায় ২০১৯ সালের নভেম্বরে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আইসিজেতে মামলা করে গাম্বিয়া।
আইসিজে কোনো ফৌজদারি আদালত নয়। এই আদালত ব্যক্তির অপরাধের বিচার করেন না; বরং আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রের দায় নির্ধারণ করেন। ফলে এ মামলায় আদালতের মূল বিবেচ্য বিষয় হলো, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমার রাষ্ট্র হিসেবে দায়ী কি না এবং দায়ী হলে দেশটিকে কী ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা
রাখাইন রাজ্যে কয়েক শতাব্দী ধরে বসবাস করে আসা মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে কার্যত রাষ্ট্রহীন করে ফেলা হয়। ২০১৭ সালের সামরিক অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বড় অংশ এখনো কক্সবাজারের বিভিন্ন শিবিরে বসবাস করছেন। বর্তমানে বাংলাদেশে তাঁদের সংখ্যা প্রায় ১২ লাখ।
আন্তর্জাতিক উদ্যোগে মিয়ানমারের সঙ্গে প্রত্যাবাসন চুক্তি হলেও এখন পর্যন্ত কোনো রোহিঙ্গার স্বেচ্ছায় প্রত্যাবাসন শুরু হয়নি। এর মধ্যে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনসহ বিভিন্ন দেশের বৈদেশিক সহায়তা কমে যাওয়ায় শরণার্থী শিবিরগুলোতে মানবিক সংকট আরও বেড়েছে।
মিয়ানমারে থেকে যাওয়া প্রায় ৫ লাখ ২০ হাজার রোহিঙ্গাও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটির পরিস্থিতি আরও জটিল হয়েছে। রাখাইনের বড় অংশ নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের জমি দখল ও নির্যাতনের অভিযোগ রয়েছে। অন্যদিকে, জান্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা পুরুষদের জোর করে যুদ্ধে নিয়োগের অভিযোগ উঠেছে।
নিরাপত্তাহীনতা ও নির্যাতনের কারণে প্রতিবছর হাজার হাজার রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাব অনুযায়ী, ২০২২ সাল থেকে সমুদ্রে ৩ হাজার ১৩৫ জন রোহিঙ্গা নিহত বা নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন ৯০০ জন।
গাম্বিয়ার অভিযোগ ও মিয়ানমারের যুক্তি
মামলায় গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে মিয়ানমারের সেনাবাহিনী হত্যা, যৌন সহিংসতা এবং তাঁদের বসবাসের অনুপযোগী পরিস্থিতি তৈরি করেছিল। অভিযানের ভয়াবহতা, বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ না নেওয়া এবং অপরাধের যথাযথ তদন্ত না করার বিষয়গুলো গণহত্যার উদ্দেশ্যের প্রমাণ হিসেবে তুলে ধরেছে দেশটি।
গাম্বিয়া দায়ীদের বিচারের আওতায় আনা, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, তাঁদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া, রোহিঙ্গা পরিচয়ের স্বীকৃতি এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
অন্যদিকে, মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, আরসার সশস্ত্র হামলার জবাবে বৈধ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল। গণহত্যার উদ্দেশ্য প্রমাণে গাম্বিয়া ব্যর্থ হয়েছে বলেও যুক্তি দিয়েছে মিয়ানমার। পাশাপাশি ক্ষতিপূরণ চাওয়ার বিষয়ে গাম্বিয়ার আইনি এখতিয়ার নিয়েও আপত্তি তুলেছে দেশটি।
রায় কার্যকর করা কতটা সম্ভব?
আইসিজের রায় মিয়ানমারের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা বাস্তবায়নে আদালতের নিজস্ব কোনো বলপ্রয়োগকারী ব্যবস্থা নেই। মিয়ানমার রায় মানতে অস্বীকৃতি জানালে গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে।
তবে এ ক্ষেত্রে রাজনৈতিক জটিলতা রয়েছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া অতীতে মিয়ানমারের সামরিক সরকারের প্রতি সমর্থন দিয়েছে। তাদের ভেটো ক্ষমতার কারণে মিয়ানমারের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন হতে পারে।
তারপরও আইসিজের রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ বাড়াতে পারে। একই সঙ্গে রোহিঙ্গাদের ন্যায়বিচার, নিরাপদ প্রত্যাবাসন ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে নতুন গতি সঞ্চার করতে পারে।
বিশ্বজুড়ে কেন গুরুত্বপূর্ণ এই রায়
আন্তর্জাতিক বিচার আদালতে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করার নজির খুবই কম। ২০০৭ সালে বসনিয়া গণহত্যা মামলায় আইসিজে সার্বিয়াকে সরাসরি গণহত্যার জন্য দায়ী না করলেও স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ড প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় নির্ধারণ করেছিল।
মিয়ানমারের মামলায় গণহত্যার উদ্দেশ্য প্রমাণের কঠোর আইনি মানদণ্ড আদালত কীভাবে প্রয়োগ করেন, তা আন্তর্জাতিক মহলে গভীর আগ্রহের বিষয়। কারণ, এই সিদ্ধান্ত ভবিষ্যতে আন্তর্জাতিক আইনে গণহত্যা ও রাষ্ট্রের দায় নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
বিশেষ করে ইউক্রেন বনাম রাশিয়া, দক্ষিণ আফ্রিকা বনাম ইসরায়েল, নিকারাগুয়া বনাম জার্মানি এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বনাম রুয়ান্ডার মতো আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলাগুলোর আইনি আলোচনাতেও এর প্রভাব পড়তে পারে।