বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক, আলোচনায় রোহিঙ্গা সংকট

ডেস্ক রিপোর্ট • ১৬ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক, আলোচনায় রোহিঙ্গা সংকট
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের কূটনীতিকেরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রোহিঙ্গা সংকটও গুরুত্ব পেয়েছে।

সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

এর আগে একই দিন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইনের সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক নিয়ে আলোচনা

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দুই দেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।

তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বৈঠকগুলোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

আইসিজের রায় ঘিরে কূটনৈতিক তৎপরতা

কূটনৈতিক সূত্রের ধারণা, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণাকে কেন্দ্র করেও এসব বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে। তবে বৈঠকগুলোর সঙ্গে রায় ঘোষণার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজের পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় প্রকাশ্য অধিবেশনে রায় ঘোষণার কথা রয়েছে। আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি রায় পড়ে শোনাবেন। গত ৩ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিল আদালত।

রায়টি রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের আন্তর্জাতিক দায় নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

গাম্বিয়া বনাম মিয়ানমার মামলা

রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। জাতিসংঘের সর্বোচ্চ আদালতে এটি ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলা নামে পরিচিত।

মামলায় ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বিশ্বের ১১টি দেশ এ মামলায় পক্ষভুক্ত হয়েছে। আইসিজের রায় চূড়ান্ত ও সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য বাধ্যতামূলক; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp